সংবাদদাতা, বজবজ: বজবজের এক নার্সিংহোম কর্তৃপক্ষকে অপারেশন সহ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ২০২৩ সালের ২৩ জুলাই তাদের গাফিলতির কারণে এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর নার্সিং হোম কর্তৃপক্ষকে শো-কজ করা হয়েছিল। তারা তার জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এই নার্সিংহোমটি বিজেপি নেতা ডাঃ তরুণকুমার আদকের। গত বিধানসভা নির্বাচনে তিনি ‘পদ্ম’ প্রতীকে দাঁড়িয়েছিলেন এই ডাক্তার।
মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে ডাঃ তরুণ আদককে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, নার্সিংহোমের সামগ্রিক কাজ বন্ধ করতে হবে। ওই নার্সিংহোমে চিকিৎসার পরিকাঠামো নেই। সরকারি নিয়ম অনুসারে যা যা থাকা দরকার, তা অপ্রতুল। পর্যবেক্ষণের সময় এইসব গলদ নজরে এসেছে। শো কজের চিঠিতে এসংক্রান্ত একাধিক প্রশ্ন থাকলেও তার সদুত্তর দিতে পারেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে আইনি পদক্ষেপ করা হবে।
বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, বিষয়টি সামনে আসায় খারাপ লাগছে। আসলে একজন চিকিৎসক সমাজের সম্মানীয় ব্যক্তি। কিন্তু তাঁর চিকিৎসা প্রতিষ্ঠানে ফাঁকফোকর থাকা উচিত নয়। এ প্রসঙ্গে ডাঃ তরুণ আদক বলেন, আমাকে শো’কজ করা হয়েছিল। তার উত্তর দিয়েছি। কিন্তু তারপর সিএমওএইচ-এর দপ্তর কী পদক্ষেপ নিয়েছে, তা জানি না। আমি কোনও চিঠি পাইনি। তাঁর বক্তব্য, এই নার্সিংহোম ১৯৯১ সালে তৈরি। তাই হয়তো সব পরিকাঠামো নেই। চিঠি পেলে কাজ বন্ধ করে ফাঁকফোকর পূরণ করব। তারপর ফের খোলার জন্য আবেদন করব।