সংবাদদাতা, হলদিয়া: মাঠে একা শালুক ফুল তুলতে গিয়ে পাইপলাইনের জন্য খুঁড়ে রাখা গভীর গর্তের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। বুধবার হলদিয়ার ভবানীপুর থানার কুমোরপুর গ্রামে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ নঈম (৭)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এদিন সকাল ৯টা নাগাদ ওই ঘটনাটি ঘটে।
কুমোরপুর গ্রামের মধ্য দিয়ে একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার পাইপলাইন বসানোর কাজ চলছে। সেজন্য চাষের জমির মাঝখানে গভীর গর্ত খোঁড়া হয়েছে। সেই গর্তের জমা জলে শিশুটি কোনোভাবে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গর্ত খুঁড়ে রেখে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনো সতর্কীকরণ চিহ্ন না দিয়েই এলাকা ছেড়েছে। এজন্য সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।