নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভেজাল ওষুধ ঠেকাতে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইতিমধ্যে ভেজাল ওষুধ ঠেকাতে ‘এডভাইজরি’ প্রকাশ করেছে স্বাস্থ্যদপ্তর। সেই নির্দেশিকা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে সরকারি হাসপাতালের মেডিক্যাল স্টোরগুলিকে। সেই সঙ্গে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের সরকারের ঠিক করে দেওয়া ওষুধ পরীক্ষা পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম সহ রাজ্য ড্রাগ কন্ট্রোলের পদস্থ কর্তারা। ইতিমধ্যেই ভেজাল ওষুধের কারবার প্রকাশ্যে আসায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালিয়ে ওষুধের গুণমান যাচাইয়ের কাজ চলেছে। আগামী দিনেও তল্লাশি অভিযান চলবে বলেই খবর।



