Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া নিয়ে বৈঠক মুখ্যসচিবের, প্রতিদিনের আবর্জনা সমস্যা সামলাতে অতিরিক্ত ডাম্পার

হাওড়া নিয়ে বৈঠক মুখ্যসচিবের, প্রতিদিনের আবর্জনা সমস্যা সামলাতে অতিরিক্ত ডাম্পার
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া পুর এলাকাকে কঠিন বর্জ্য থেকে মুক্ত করতে মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ধসের ঘটনার পর থেকেই হাওড়া পুর এলাকার প্রতিদিনের কঠিন বর্জ্য নিষ্কাশন কার্যত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে নতুন করে জঞ্জাল না ফেলার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়। সাময়িকভাবে সমস্ত পুর এলাকার আবর্জনা জড়ো করার বিকল্প জায়গা পাওয়া সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিনকার ৫০০ মেট্রিক টন আবর্জনা ভ্যাট থেকে তুলে সরাসরি নিয়ে আসা হচ্ছে কলকাতার ধাপায়। এই কাজ সুষ্টুভাবে না হলেই আবর্জনায় উপচে পড়বে ভ্যাটগুলি। সমস্যায় পড়বে এলাকাবাসী। যা একেবারেই বরদাস্ত করবে না নবান্ন। সে কারণেই কলকাতায় রোজকার আবর্জনা পাঠাতে গাড়ি বা ডাম্পারের সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দেয় নবান্ন বলে সূত্রের খবর। সেই নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকে এই কাজের জন্য আরও ২০টি গাড়ি বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে হাওড়া পুর এলাকাকে পরিচ্ছন্ন রাখতেও নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। 

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিবের বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক দিপাপপ্রিয়া পি, পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠি, সিইও কেএমডিএ রাজেশ সিনহা, কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন এবং হাওড়ার পুর কমিশনার বন্দনা পোখরিয়াল। সামগ্রিকভাবে বিষয়টি জেনে নিয়ে মুখ্যসচিব একাধিক নির্দেশ দিয়েছেন। বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থাপনা নিয়ে নবান্নে একটি রিপোর্টও এসে পৌঁছেছে। নবান্নের এদিনের বৈঠকের পর কলকাতা পুরসভা এবং সুডা থেকে অতিরিক্ত গাড়ি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।    

Advertisement
সম্পর্কিত সংবাদ