নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার তিনি যাবেন কালিম্পং জেলায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম কালিম্পং সফর। সেখানে টাউন হলে তাঁর প্রশাসনিক সভা করার কথা। পরে মিনি সচিবালয় উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করার কথা। প্রশাসন সূত্রের খবর, বৈঠকে দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসকরা সহ আধিকারিকরা হাজির থাকবেন। বাকি জেলার প্রশাসনের আধিকারিকরা ভার্চুয়ালি মিটিংয়ে শামিল হবেন। তাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্প এবং ধস, বন্যা, দুর্যোগ সহ বিপর্যয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে খবর।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন। ইতিমধ্যে কালিম্পং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট যান চলাচল নিয়ে কিছু বিধিনিষেধ জারি করেছে। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত শিলিগুড়ি শহরের পরিবহণনগর, ফুলবাড়ি বাইপাস মোড়, ভক্তিনগর চেকপোস্ট, আইওসি/নেতাজি মোড়, সুকনা টিসিপি মোড়, রেগুলেটেড মার্কেট, এমডি বক্স মোড়, খান্না হোটেল, পানিঘাটা মোড় প্রভৃতি এলাকায় ভারী ও মাঝারি পণ্যবোঝাই যানবাহনের হোল্ডিং পয়েন্ট করা হয়েছে। এর বাইরে পরিবহণনগর মোড় থেকে দার্জিলিং মোড় হয়ে ভক্তিনগর চেকপোস্ট এবং নৌকাঘাট পর্যন্ত, ফুলবাড়ি বাইপাস রোড থেকে নৌকাঘাট, ভক্তিনগর চেকপোস্ট থেকে এয়ারভিউ মোড়, সেভক রোড, বিধান রোড এবং হিলকার্ট রোড, ভক্তিনগর চেকপোস্ট থেকে শহিদনগর, দার্জিলিং মোড় হয়ে পরিবহণ নগর পর্যন্ত বেশকিছু রাস্তায় ভারী ও মাঝারি পণ্যবোঝাই যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কালিম্পং শহরে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ডিএস গুরুং রোড, ক্যালকাটা স্টোর লাইন, মেইন রোড এবং ওংডেন রোড, সাত দো বাটো, ডাম্বার চক, এফ.এল. মোড়, সি.কে. চক, রেলি রোড এবং সীড ফার্ম ফটক এলাকায় নো পার্কিংজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের লাবারবোট, ২০ মাইল ও এবং হনুমান মন্দির এলাকায় ভারী যানবাহনের হল্টিং স্টেশন করা হয়েছে। এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন জেলাশাসক কুহুক ভূষণ।