নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় থাকা রাজ্যের ৬ কোটি রেশন গ্রাহকের জন্য বেশি পরিমাণে চাল বরাদ্দ করা হোক। এমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়েছেন। রাজ্যের মানুষের চালের প্রতি বেশি আগ্রহ ও চাষিদের স্বার্থে এই পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্ন যোজনার আওতায় থাকা এসপিএইচ শ্রেণির রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু ২ কেজি চাল ও ৩ কেজি করে গম পান। অন্ত্যোদয় রেশন গ্রাহকদের মাসে পরিবার পিছু ২০ কেজি গম ও ১৫ কেজি চাল দেওয়া হয়। মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, এটা পরিবর্তন করে ৩ কেজি চাল ও ২ কেজি গম এবং অন্ত্যোদয়ে ২০ কেজি চাল ও ১৫ কেজি গম দেওয়া হোক। ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ব্যবস্থা ছিল, সেটাই ফিরিয়ে আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রেশন গ্রাহকদের জন্য প্রয়োজনীয় চাল রাজ্যের চাষিদের কাছ থেকে ধান কিনে তা থেকেই উৎপাদন করা হয়। পরিমাণ পরিবর্তন করলে রাজ্য সরকার আরও বেশি ধান কেনার সুযোগ পাবে। এতে চাষিদেরও সুবিধা। মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন, রাজ্যে গত মরশুমে ২ কোটি ৫৭ লক্ষ টন ধান উৎপাদন হয়েছে। ৭১ লক্ষ কৃষক পরিবারের মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণির। সরকারি উদ্যোগে বেশি ধান কেনা হলে অভাবী বিক্রি থেকে কৃষকদের রক্ষা করা যাবে। প্রসঙ্গত, অন্ন যোজনার গ্রাহকদের চালের চাহিদা অনুযায়ী এবার ধান কেনার লক্ষ্যামাত্রা ঠিক করেছে রাজ্য। রেশনে চালের চাহিদা বাড়লে আরও ধান কৃষকদের কাছ থেকে কেনার সুযোগ মিলবে।



