নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ১২৫ দিনের কাজ ভিবি জিরামজি প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশন থেকে শুরু করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ, বুধবার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত থাকার কথা বীরভূম জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের। বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া প্রশ্নবাণের মুখে যাতে পড়তে না হয়, তার জন্য আগেভাগেই আটঘাট বেঁধে প্রস্তুত প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন দপ্তরে এই তৎপরতার ছবি স্পষ্ট চোখে পড়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, কিছু ক্ষেত্রে বীরভূম ভালো জায়গায় থাকলেও কয়েকটি বিষয়ে তারা বেশ ব্যাকফুটে। প্রশাসনের দাবি, এই মুহূর্তে ‘ভিবি জি রামজি’ প্রকল্পে রাজ্যের মধ্যে প্রথম সারিতেই রয়েছে বীরভূম। উৎসবের মরশুমে কর্মদিবস তৈরিতে কিছুটা ঘাটতি দেখা দিলেও, উৎসব মিটতেই ফের তা অনেকটাই বেড়েছে। গত কয়েকদিনে জেলায় দৈনিক গড়ে সাত হাজারের বেশি কর্মদিবস তৈরি হয়েছে। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, শুধু সোমবারই প্রায় ৭৩০০ কর্মদিবস তৈরি করা সম্ভব হয়েছে। তবে জেলার চিন্তার মূল কারণ হল পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ খরচের খতিয়ান। এই টাকা খরচের নিরিখে জেলা এখনও বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। জানা গিয়েছে, জেলায় এখনও এই খাতের প্রায় ৯০ কোটি টাকা পড়ে রয়েছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করতে পারেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের এক পদস্থ কর্তার অবশ্য দাবি, ‘শুধুমাত্র অক্টোবর মাসেই ১৫ কোটি টাকা খরচ করা হয়েছে। এবার কাজের গতি আরও বাড়ানো হবে।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর রোষানলে পড়ার অন্যতম কারণ হতে পারে জেলার রাস্তার বেহাল দশা। সব মিলিয়ে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য প্রশ্নবাণ সামলাতে রীতিমতো তটস্থ বীরভূমের প্রশাসনিক মহল।



