নিজস্ব প্রতিনিধি, তমলুক: নিটে দুর্দান্ত রেজাল্ট করা নন্দীগ্রামের দুই কৃতী ছাত্র পারিজাত মাইতি ও তমালকান্তি দাসকে নবান্নে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৮জুলাই মঙ্গলবার ওই দুই ছাত্রকে সংবর্ধনা দেওয়া হবে। নন্দীগ্রাম-১ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে দুই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই খবর জানানো হয়েছে। ওইদিন সকাল ১০টায় তাঁদের জেলাশাসক অফিসে আনা হবে। সেখান থেকে সোজা নবান্নে নিয়ে যাবে প্রশাসন। গত ২০ জুলাই ‘বর্তমান’ পত্রিকায় নন্দীগ্রাম-১ব্লকের মহেশপুরের তমালকান্তি দাসের নিটে সাফল্যের সংবাদ প্রকাশিত হয়। ২১জুলাই নন্দীগ্রামেরই আর এক কৃতী ছাত্র পারিজাতের সাফল্যের খবর পত্রিকায় প্রকাশ পায়। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সংবাদপত্রে প্রকাশিত খবর প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। এরপরই তাঁদের সংবর্ধনা জানানো হবে বলে সিএমও থেকে জানানো হয়। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস বলেন, ‘বর্তমান’ সংবাদপত্রে প্রকাশিত খবর আমরা পাঠিয়েছিলাম। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের সংবর্ধনা দেবেন বলে জানিয়েছেন।নন্দীগ্রাম-১ ব্লকের মহেশপুরের তমালকান্তি দাস নিটে ৬৩৭ পেয়েছেন। তাঁর সর্বভারতীয় র্যাঙ্ক ২৫৭২। এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক ৬৯। দিল্লি কিংবা ভুবনেশ্বর এইমসে ভর্তি হতে ইচ্ছুক তমালকান্তি। আর, নন্দীগ্রামের পারিজাত এবার উচ্চ মাধ্যমিকে অষ্টম হয়েছিলেন। তিনি প্রথমবার নিট পরীক্ষায় বসে দারুণ সাফল্য পেয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৫১। পারিজাতের সর্বভারতীয় র্যাঙ্ক ১৩৮৩। সর্বভারতীয় জেনারেল র্যাঙ্ক ৭৭৮। দেশের যেকোনও প্রান্তে এইএমস ইনস্টিটিউটে ভর্তি হতে চান নন্দীগ্রামের এই কৃতী ছাত্র। বাবা বোধিসত্ত্ব মাইতি মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। এই স্কুল থেকেই এবার উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছেন পারিজাত। বোধিসত্ত্ববাবু বলেন, ২৮জুলাই নবান্নে ছেলেকে সংবর্ধনা জানানো হবে বলে ব্লক প্রশাসন জানিয়েছে।



