নিজস্ব প্রতিনিধি, মালদহ: আগামীকাল, শুক্রবার প্রথমবার মালদহ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চার জেলা নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। মালদহ কলেজ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে প্রস্তুতি তুঙ্গে। একই সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে মালদহ বিমানবন্দর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে। সেখান থেকে কনভয় পৌঁছবে মালদহ কলেজ অডিটোরিয়ামে। সেখানেই তিনি মালদহ সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। সেখানে দলমত নির্বিশেষে চার জেলার সাংসদ এবং বিধায়করা উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে খবর।
সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর প্রথম জেলা সফর ঘিরে উচ্ছ্বসিত মালদহবাসী। একই সঙ্গে তাঁদের প্রত্যাশাও অনেক। মালদহের আম এবং আমকে কেন্দ্র করে প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ, রেশম শিল্প এবং বিমানবন্দর পুনরায় চালু করা নিয়ে আশায় বুক বাঁধছেন বাসিন্দারা। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে মালদহ বিমানবন্দরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। বুধবার সাংবাদিক বৈঠক করে বিমানবন্দর সংস্কার করে পুনরায় চালুর সওয়াল করেন ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি। বলেন, মালদহ জেলায় যেভাবে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে, তাতে তাঁদের বিমানে ভ্রমণের ক্ষমতা আছে। বিমানবন্দর চালু না হলে এখানে শিল্পপতিরা আসতে পারবেন না। পরিষেবা চালু হলে ব্যবসা, শিল্প, শিক্ষা, সাংস্কৃতিক, স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটবে।
অম্লান আরও বলেন, মালদহ বিমানবন্দরে এই মুহূর্তে যে পরিকাঠামো রয়েছে, তাতে ১৯ আসনের বিমান অনায়াসে ওঠানামা করতে পারবে। পাটনা ও পূর্ণিয়ার মধ্যে এই পরিষেবা চালু রয়েছে। বুধবার মালদহ বিমানবন্দরে গিয়ে দেখা যায়, পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এদিন দুপুরে বিমানবন্দর পরিদর্শনে যান মালদহের জেলাশাসক রজনবীর সিং কাপুর ও পুলিশ সুপার অনুপম সিং। ঘুরে দেখেন পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রথম মালদহ সফরে মুখ্যমন্ত্রীর রাত্রিবাসের আপাতত কোনো পরিকল্পনা নেই। প্রশাসনিক বৈঠক শেষে হেলিকপ্টারে তিনি শিলিগুড়ি চলে যাবেন বলে জানা গিয়েছে।