নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপরেখা তৈরি করতে আজ, মঙ্গলবার বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের (পিইউপি) বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। ডবল ইঞ্জিন সরকারের আমলে ঢালাও উন্নয়নের ব্যাপারে আশাবাদী বলে বাসিন্দারা জানিয়েছেন। ফলে জঙ্গলমহল তথা পশ্চিমাঞ্চলের রুখাশুখা ৭৪টি ব্লকের সামগ্রিক উন্নয়নে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেই দিকেই তাঁরা তাকিয়ে রয়েছেন। বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ৭টি জেলার ৭৪টি ব্লককে বেশ কয়েকবছর আগে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতায় আনা হয়। তৃণমূল জমানার শেষ দিকে বরাদ্দ কমে যাওয়ায় পিইউপি-র আওতায় তেমন উন্নয়ন হয়নি। ওই পর্ষদের বৈঠকও সেভাবে হত না। ডবল ইঞ্জিন সরকার ফের পিইউপিকে চাঙ্গা করছে। এদিনের বৈঠকে সাত জেলার আধিকারিক ও বিধায়করা অংশ নেবেন। শাসক দলের পাশাপাশি ছ’জন তৃণমূল বিধায়ককেও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী দুপুর ১টা নাগাদ হেলিকপ্টারে চেপে বাঁকুড়ায় পৌঁছবেন। দেড় থেকে দু’ঘণ্টা বৈঠক চলবে। পরে শুভেন্দুবাবু একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন। বিকালে ফের তিনি কলকাতায় ফিরে যাবেন। রুদ্ধদ্বার ওই বৈঠকে জেলা ধরে ধরে আলোচনা হবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও বিডিও-রা সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরবেন। কোন কোন খাতে কাজ করা যাবে সেব্যাপারেও বৈঠকে আলোচনা হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবার বিজেপি ঢালাও ভোট পেয়েছে। ফলে জেলাবাসীর প্রত্যাশা অনেক। তা কীভাবে পূরণ করা যাবে তা নিয়ে আধিকারিক ও জনপ্রতিনিধিরা চিন্তিত।