চেন্নাই: বাংলার পর এবার আরও এক ভোটমুখী বিরোধী শাসিত রাজ্য। এবার তামিলনাড়ুতেও মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর তরজা। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের তোপ, বিজেপির বশংবদ কমিশন ‘বাড়াবাড়ি’ করছে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিতে গিয়ে বুধবার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ করে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছে কমিশন। শুধু তাই নয়, তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। নজিরবিহীন এই ঘটনার প্রতিবাদে সরব বিরোধী শিবির। তৃণমূলের দাবি, বিজেপির ভাষায় কথা বলছে কমিশন। তারা এবার নিরপেক্ষতার ছদ্ম মুখোশ খুলুক। এবার বাংলার মতো তামিলনাড়ুতেও ভোটের আগে শীর্ষ আমলাদের বদলির নির্দেশের প্রতিবাদে সরব বিরোধীরা। কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। এপ্রসঙ্গে তিনি কয়েক বছর আগে একটি মামলায় সুপ্রিম কোর্টের সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়েছেন। সেখানে শীর্ষ আদালত বলেছিল, কমিশন যেন সমান্তরাল রাষ্ট্র হয়ে না পড়ে। চিদম্বরম বলেছেন, ওই পর্যবেক্ষণ ছিল দূরদর্শী। তামিলনাড়ুর নিষ্ঠাবান, দক্ষ ও পক্ষপাতহীন মুখ্যসচিবকে বদলি ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের দুর্ব্যবহার দেখে মনে হচ্ছে সুপ্রিম কোর্টের সেই আশঙ্কাই সত্যি।



