Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, অভিযুক্ত কেয়ারটেকার

ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, অভিযুক্ত কেয়ারটেকার
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল প্রেক্ষাগৃহের কেয়ারটেকারের বিরুদ্ধে। রবিবার এমন ঘটনা ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার রবীন্দ্রভবনে। এই নিয়ে অনুষ্ঠানের উদ্যোক্তারা পুরসভায় লিখিতভাবে নালিশ জানিয়েছেন।
Advertisement
একটি নাচের স্কুলের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, অনুষ্ঠান শেষে আচমকাই গ্রিন রুমে ঢুকে একাধিক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই কেয়ারটেকার। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনকী তাঁদের ব্যাগ খুলে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয় নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে। তাঁরা জানান, গত তিন বছর ধরে এই রবীন্দ্রভবনে এই অনুষ্ঠান করা হচ্ছে। কখনও এমন পরিস্থিতি হয়নি। এবারের ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সবার মধ্যেই। এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানানো হয়েছে। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান পল্লব দাস জানান, অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে।
Advertisement
সম্পর্কিত সংবাদ