Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ছিল গলা ব্যথা, যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

ছিল গলা ব্যথা, যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালবাজার: ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। মাল সুপারস্পেশালিটি হাসপাতালের এক চিকিত্সকের বিরুদ্ধে পরিবারের সদস্যরা পুলিসে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মাল শহরে। গলা ব্যাথা নিয়ে আসা যুবককে ঠিকমতো চিকিত্সা না করেই বাড়ি পাঠিয়ে দেওয়ার মতো অভিযোগ তুলেছেন বাড়ির লোক। বুধবার দুপুরে হাসপাতাল সুপার ও মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। ঘটনায় মাল সুপারস্পেশালিটি হাসপাতালেও উত্তেজনা তৈরি হয়।  বিনা চিকিৎসার মৃত্যুর অভিযোগ অস্বীকার করে ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার সুধীর কুমার।
Advertisement
পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম বীরেশ লোহার (১৯)। তাঁর বাড়ি মাল শহরের এক নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনিতে। পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ বীরেশ গলায় ব্যথা নিয়ে মালসুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা করাতে যান। অভিযোগ সেই সময় কর্তব্যরত চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা না করেই যুবককে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন। এরপর গভীর রাতে ওই যুবক আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বাড়ির লোক তাকে দ্রুত মালসুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বীরেশকে মৃত ঘোষণা করেন। এরপরই পরিবারের তরফে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হয়। মৃতের পরিবারের এক সদস্য অভিজিৎ লোহার বলেন, মঙ্গলবার রাতে জরুরি বিভাগের প্রয়োজনীয় চিকিৎসা করা হলে ভাইয়ের অকাল মৃত্যু হত না। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা না করেই ভাইকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সেজন্য এই ঘটনা ঘটেছে। মাল থানার আইসি সৌম্যজিত্ মল্লিক বলেন, অভিযোগ দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ