নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার সন্ধ্যায় হাওড়ার শিবপুর মন্দিরতলার একটি পাঁচতলা আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের। নাম বৈদ্যনাথ পাল (৯২)। আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন বৃদ্ধ। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ছ’টা নাগাদ হাঁটাহাঁটি করতে ছাদের উপরে যান তিনি। কিছুক্ষণ পর স্থানীয়দের চিৎকারে নীচে নেমে বৈদ্যনাথবাবুর স্ত্রী ও মেয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বৃদ্ধকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত বৃদ্ধ শ্রীরামপুর কলেজের প্রাক্তন অধ্যাপক। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। পুলিস জানিয়েছে, তিনি ছাদ থেকে পড়ে গিয়েছেন নাকি আত্মঘাতী হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।



