নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পরবর্তী বিধানসভা নির্বাচনের দেরি এখনও বছরখানেক। কিন্তু তার আগে থেকেই মাঠে নেমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেরকমই রবিবার এক কর্মী সম্মেলনের আয়োজন করে এখন থেকেই বিভিন্ন অঞ্চলে কী কাজ করতে হবে, তার বার্তা দেওয়া হল ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে। প্রার্থী ঘোষণার বহু আগেই, সেখানে বর্তমান বিধায়ক পরেশরাম দাস দলীয় কর্মীদের উদ্দেশে জয়ের ‘মার্জিন’ স্থির করে দিলেন। তার সঙ্গে তিনি ঘোষণা করলেন, যে তিনটি অঞ্চল সর্বাধিক ‘লিড’ দেবে, তাদের জন্য থাকবে আর্থিক পুরস্কার বা ইনাম! এদিন ক্যানিংয়ের রায়বাঘিনী মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল এবং অন্য নেতানেত্রীরা ছিলেন। ২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ের যে মার্জিন উঠে এসেছিল, আগামী ভোটে তাকে ছাপিয়ে যাওয়ারই লক্ষ্য স্থির করে দিয়েছেন বিধায়ক। তিনি মঞ্চ থেকে ঘোষণা করেন, যে অঞ্চল সর্বাধিক বেশি লিড দেবে, তার জন্য থাকবে এক লক্ষ টাকার পুরস্কার। দ্বিতীয় এবং তৃতীয় সর্বাধিক ব্যবধান যে অঞ্চল থেকে আসবে, তাদের জন্য থাকবে যথাক্রমে ৭৫ হাজার টাকা এবং ৫০ হাজার টাকার ইনাম।



