Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে আজ প্রতিপক্ষ চেন্নাই, প্লে-অফের লক্ষ্যে অবিচল কেকেআর

ইডেনে আজ প্রতিপক্ষ চেন্নাই, প্লে-অফের লক্ষ্যে অবিচল কেকেআর
  • ৭ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: টানা দুই জয়ে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে কলকাতা নাইট রাইডার্সের। তবে প্লে-অফের পথ এখনও দুর্গম। বাকি তিনটি ম্যাচে জয়ের বিকল্প নেই। মঙ্গলবার অনুশীলনে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের মধ্যেই সেই তাগিদই দেখা গেল। পড়ন্ত বিকেলে ইডেনে ঢুকেই তিনি হাঁটা দিলেন পিচের দিকে। ২২ গজ ভালো করে নিরীক্ষণ করে মেন্টর ডোয়েন ব্র্যাভো ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলল অধিনায়কের। কিছুক্ষণ পর চেন্নাই বধের পরিকল্পনায় যোগ দিলেন সহকারী কোচ অভিষেক নায়ারও। কিন্তু, থিঙ্কট্যাঙ্কের আলোচনায় বেঙ্কটেশ আয়ার কেন গরহাজির? রাহানেরা যখন আলোচনায় ব্যস্ত তখন ইডেনের বিলবোর্ডের কাছে দাঁড়িয়ে দলছুট ভাইস ক্যাপ্টেন!

Advertisement

আসলে ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ আয়ার এখন কেকেআরের গলার কাঁটা। না হোমে না যজ্ঞে। ১১ ম্যাচে তাঁর রান দেড়শোও পেরোয়নি। গত ম্যাচে তাঁকে ব্যাট করতে নামানো হয়নি। এমনকী, শাহরুখের প্রশংসা বার্তাতেও নাম উল্লেখ ছিল না তাঁর।  তাই বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর ঠিকানা বেঞ্চ হলেও অবাক হওয়ার কিছু নেই। তবে বেঙ্কটেশকে বাদ দিলে কেকেআর শিবির বেশ চনমনে। বুধবারের প্রতিপক্ষ আবার ছন্নছাড়া চেন্নাই সুপার কিংস। ধোনির দল ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাই জয়ের হ্যাটট্রিকে প্লে-অফের আশা জিইয়ে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ নাইটরা। 
পরিসংখ্যান বলছে, মোট ৩১বারের সাক্ষাতে চেন্নাই জিতেছে ১৯ বার। আর কেকেআর ১১ বার। ২০২১ সালের ফাইনালেও শাহরুখ খানের দলকে দুরমুশ করেছিল ধোনির দল। কিন্তু এবার হলুদ-ব্রিগেড বড়ই ফিকে। ১১ ম্যাচের ৯’টিতেই হেরে টেবিলের তলানিতে ধুঁকছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবুও চেন্নাইয়ের তরুণ তুর্কি আয়ূষ মাতরে নিয়ে সতর্ক নাইট শিবির। কারণ, সিএসকে’র ছন্নছাড়া ব্যাটিংয়ের একমাত্র ব্যতিক্রম ১৭ বছরের এই ওপেনার। গত ম্যাচেও ৯৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। মঙ্গলবার অনুশীলনে তাঁর ব্যাটিংয়ের দিকে নজর রেখেছিলেন রাহানে, চন্দ্রকান্তরা। চেন্নাইয়ের বোলিং অবশ্য খুব শক্তিশালী। বিশেষ করে স্পিন বিভাগ। রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, রবীন্দ্র জাদেজাদের উপস্থিতিতে স্পিনিং ট্র্যাক বানানোর ঝুঁকি নেয়নি হোম টিম। উইকেটে হাল্কা ঘাস রয়েছে।
পক্ষান্তরে, ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স ষষ্ঠ স্থানে রয়েছে। ব্যাটিংয়ে অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশীরা রানের মধ্যে রয়েছেন। তারউপর গত ম্যাচে আন্দ্রে রাসেল ফর্মে ফেরায় স্বস্তি বেড়েছে নাইট-ব্রিগেডে। চেন্নাইয়ের বিরুদ্ধে দ্রে রাসের ব্যাটিং অর্ডারেও উন্নতির আভাস দিয়ে রাখলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। মঙ্গলবার অনুশীলনে অবশ্য ছিলেন না রাসেল। টিম সূত্রে খবর, বুধবার ম্যাচের আগে চনমনে রাখতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া রিঙ্কু সিং, কুইন্টন ডি’কক, গুরবাজরাও গরহাজির ছিলেন। তবে সুনীল নারিন, রাহানে, অঙ্গকৃষ নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন। কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি অবশ্যই স্পিন বিভাগ। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন প্রতিপক্ষ ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন। পেস বিভাগে বৈভব, হর্ষিতরা আছেন। এছাড়া চেন্নাইয়ের বিরুদ্ধে খেলানো হতে পারে অ্যানরিখ নর্তজকে। এদিন তিনি দীর্ঘক্ষণ নেটে গা ঘামান। সব মিলিয়ে প্লে-অফের লক্ষ্যে বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরতে তৈরি নাইট-ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ