লখনউ: পর পর তিন ম্যাচ জিতে প্লে-অফে ওঠার সম্ভাবনা জাগিয়ে তুলেছে চেন্নাই সুপার কিংস। ১১টি খেলে ঝুলিতে ১২ পয়েন্ট। শুক্রবার নবাবের শহরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন ঋতুরাজ গায়কোয়াড়রা। প্রতিপক্ষ লখনউ আগেই শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে। ফলে ঋষভ পন্থরা ভয়ডরহীন ক্রিকেট খেলে চেন্নাইয়ের বাড়া ভাতে ছাই ঢেলে দিতেই পারেন।
অনেকে আশা করেছিলেন, লখনউ ম্যাচে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি চোটমুক্ত নন। দলের সঙ্গে লখনউ আসেননি। তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। তাই উইনিং কম্বিনেশন নিয়েই নামবে চেন্নাই। ব্যাটিং শক্তিশালী হয়েছে উর্ভিল প্যাটেলের অন্তর্ভুক্তিতে। গত ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছিলেন তিনি। শুরুটা অবশ্য করবেন সঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াড়। দু’জনেই লম্বা ইনিংস খেলতে অভ্যস্ত। মিডল অর্ডারে বড়ো ভরসা ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা। চেন্নাই পেস আক্রমণে জেমি ওভারটনের সঙ্গী হবেন মুকেশ চৌধুরি ও অংশুল কম্বোজ। স্পিনে জোড়া ফলা আকিল হোসেন ও নুর আহমেদ।
অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের হারানোর কিছু নেই। ফলে ঋষভ পন্থরা দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। গত ম্যাচে বড়ো রান করেছিলেন জস ইংলিশ। খুব সম্ভবত মিচেল মার্শের সঙ্গে তিনিই ওপেন করবেন। নিকোলাস পুরান একেবারেই ধারাবাহিক নন। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে তিনি হতাশ করেছিলেন। তাই পুরান বাদ পড়তে পারেন। ঋষভ পন্থও প্রবল চাপে। আবার টুর্নামেন্ট শেষ হতে চলল, অথচ এখনও ফর্ম হাতড়াচ্ছেন মার্করাম। তাই রিজার্ভ বেঞ্চের দিকে তাকানো উচিত কোচ জাস্টিন ল্যাঙ্গারের। লখনউয়ের বোলিং শক্তি হারিয়েছে সামি ফর্মে না থাকায়। তুলনায় প্রিন্স যাদব দারুণ লড়েছেন। স্পিনার দিগ্বেশ রাঠিও চূড়ান্ত ব্যর্থ। সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে লখনইয়ের। তাই আচমকা জ্বলে ওঠার সম্ভাবনা থেকেই যাচ্ছে।