নিজস্ব প্রতিনিধি, মালদহ: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে মালদহের ঐতিহ্যবাহী চাতরা বিলের সীমানা নির্ধারণ করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের মাধ্যমে সীমানার অনুমোদন দেওয়া হল। খুব শীঘ্রই এনিয়ে আদালতে রিপোর্ট পেশ করতে চলেছে প্রশাসন। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, পরিবেশ আদালতের নির্দেশে চাতরা বিলের সীমানা নির্ধারণ করা হয়েছে। সীমানার ভিতর থেকে প্রশাসন কঠোরভাবে দখলমুক্ত করবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই চাতরা বিলের উপর জমি মাফিয়াদের নজর। অভিযোগ, বিভিন্ন সময়ে একটু একটু করে মাটি ভরাট করা হচ্ছে বিলের একাংশে। প্রমোটারদের সঙ্গে হাত মিলিয়ে মাটি ভরাট করছে মাফিয়ারা। পরে সেখানে বহুতল গড়া হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। বেশ কয়েক বছর আগে চাতরা বিল ভরাট নিয়ে জাতীয় পরিবেশ আদালতে চাতরা বিল রক্ষার স্বার্থে একট মামলা দায়ের করা হয়। এক পরিবেশবিদ এই মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পরিবেশ আদালত একটি নির্দিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেয়। একই সঙ্গে জেলা প্রশাসনকে চাতরা বিলের সীমানা নির্ধারণ করতে বলা হয়। সেই নির্দেশের ভিত্তিতেই প্রশাসনের তরফে চাতরা বিলের সীমানা নির্ধারণ করে জবরদখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে গঠিত সংশ্লিষ্ট কমিটির বৈঠকে নির্ধারিত সীমানার অনুমোদন দেওয়া হয়।