প্রতীক বব্বর নয়। প্রতীক স্মিতা পাতিল। এটাই বর্তমানে তাঁর পরিচয়। সদ্য এই ঘোষণা করলেন বলিউড অভিনেতা। গত মাসে বঙ্গতনয়া তথা অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে বাবা রাজ বব্বর বা তাঁর পরিবারের কোনও সদস্য আমন্ত্রিত ছিলেন না। তবে অনুষ্ঠানে ছিল মা স্মিতা পাতিলের ছবি। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। জানা গিয়েছিল, প্রতীক নাকি নিজেই নিমন্ত্রণ করেননি তাঁর বাবাকে। এই জল্পনার আবহে বাবার পদবি নাম থেকে মুছে ফেললেন প্রতীক। নিজেই জানালেন, এবার থেকে তাঁর পরিচয় ‘প্রতীক স্মিতা পাতিল’। অভিনেতার কথায়, ‘আমি মায়ের পরিচয় নিয়েই থাকতে চাই। মায়ের মতো হওয়ার লড়াইয়ে নেমেছি। বাবার মতো হতে চাই না। পদবি পরিবর্তনের কারণে আমার কী ক্ষতি হবে, তা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। আমার জন্য আমার মায়ের উত্তরাধিকার যথেষ্ট।’ প্রতীকের সঙ্গে বব্বর পরিবারের সম্পর্কের শীতলতা একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। সেই সূত্রেই প্রতীক পদবি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী প্রিয়া। তিনি বলেন, ‘প্রতীকের সিদ্ধান্ত একান্তভাবেই তাঁর নিজের। বব্বর পরিবার কোনওদিন ওর পাশে ছিল না। তাই এই বিষয়ে কারও মন্তব্য করা সমীচীন নয়।’ যদিও সমাজমাধ্যমে এখনও পর্যন্ত প্রতীকের নাম ‘প্রতীক পাতিল বব্বর’ রয়েছে। শীঘ্রই এই নাম তিনি পরিবর্তন করবেন বলে মনে করা হচ্ছে।



