সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটা ব্লকের ঠাকুরনগরে চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রে গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল। তার পাশ দিয়েই চিকিৎসা করাতে আসছেন বৃদ্ধ, গর্ভবতী মহিলা সহ শিশুরা। পার্থেনিয়াম তাঁদের শরীরে নানা রোগ ডেকে আনছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের সমস্যা বেশি হচ্ছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটিতে এই গাছের জঙ্গল গড়ে উঠলেও হেলদোল নেই প্রশাসনের। চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রের ফাঁকা মাঠের বেশ কিছুটা এলাকা জুড়ে এই পার্থেনিয়ামের বিষাক্ত জঙ্গল। চারিদিকে সবুজ গাছে ফুটে আছে ছোট ছোট সাদা ফুল। দূর থেকে দেখে মনোরম মনে হবে। গাইঘাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক সুজন গাইন বলেন, মাঝেমধ্যে পার্থেনিয়াম গাছ কাটা হয়। তবে এর বৃদ্ধি বেশি হওয়ায় দ্রুত জঙ্গলে পরিণত হয়। আবারও জঙ্গল পরিষ্কার করা হবে। পার্থেনিয়াম ফুলের রেণু খুবই ক্ষতিকারক। এর কারণে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যে শ্বাসকষ্টের সমস্যায় যাঁরা আক্রান্ত, তাঁদের শরীরে এটা মারাত্মক ক্ষতি করে। এছাড়া ত্বক, চোখ, অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে এই গাছ মানুষের পাশাপাশি গবাদি প্রাণীদেরও ক্ষতি করে। এমনকী চাষের ক্ষেত্রেও ক্ষতিকর পার্থেনিয়াম।



