সংবাদদাতা, কল্যাণী : অনুমতি না নিয়ে ক্লাবের দেওয়াল লিখনের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক ছড়াল চাকদহ শহরে। অভিযোগের তির চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের দিকে। দিন কয়েক আগে, চাকদহ শহরের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া রেল স্টেশনের পশ্চিম পাশে একটি ক্লাবের দেওয়ালে দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচারমূলক বক্তব্য লিখছিলেন বিধায়ক। সেখানে ‘বাঁচতে চাই বিজেপি তাই’ স্লোগান লেখা হয় এবং আঁকা হয় পদ্মফুলের প্রতীক।
ক্লাবের সম্পাদক বুদ্ধদেব পাল বলেন, অনুমতি না নিয়ে দেওয়ালে লেখা হয়েছে। অন্যদিকে, অভিযোগ বঙ্কিম ঘোষ বলেন, আমরা নির্বাচনী কিছু লিখিনি, দলের একটি বক্তব্য লিখেছি মাত্র। এর আগেও এই দেওয়ালে অনুমতি ছাড়া লেখা হয়েছিল, তখন কেউ কিছু বলেননি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দেওয়াল লেখার সময় সেখানে দিয়ে যাওয়ার সময় সাধন বিশ্বাস নাকি ক্লাব সদস্যদের উস্কানি দিয়েছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূরে প্রাক্তন কাউন্সিলার সাধন। তিনি বলেন, ক্লাবের কাউকে কিছু বলিনি। বিধায়কের উচিত ছিল অনুমতি নিয়ে দেওয়াল লেখা। বিজেপি গায়ের জোরে সব কিছু করতে চাইছে। অন্যদিকে, চাকদহ থানার আধিকারিক বলেন, এখনও নির্বাচন বিধি কার্যকর হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিডিও-র কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হচ্ছে, যা শান্তিপূর্ণ পরিবেশে প্রভাব ফেলতে পারে। নিজস্ব চিত্র