ভোটের আগে মিলল কেন্দ্রের ছাড়পত্র, কেরলের নতুন নাম ‘কেরলম’
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

তিরুবনন্তপুরম, ২৪ এপ্রিল: দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। তার আগে কেরলের নাম বদলের প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দক্ষিণের এই রাজ্যটির নতুন নাম হচ্ছে ‘কেরলম।’ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

Advertisement

সদ্য অনুষ্ঠিত কেরলের পুরসভা ভোটে এবার রীতিমতো তাক লাগানো ফল করেছে বিজেপি। সিপিএমকে ধরাশায়ী করে এই প্রথম তিরুবনন্তপুরম পুরসভার দখল নিয়েছে তারা। এছাড়া ত্রিপুণিথুরা ও পালাক্কড়ে সাফল্য পেয়েছে পদ্ম শিবির। এবার বিধানসভা ভোটেও ভালো ফলের আশা করছে তারা। রাজ্যের নাম বদলের প্রস্তাবে মোদি সরকারের সবুজ সংকেতের মধ্যে সেই ভোটের অঙ্কের গন্ধ পাচ্ছেন অনেকে। কারণ কেরলের নাম বদলের দাবি সে রাজ্যের মানুষের দীর্ঘদিনের। এর সাথে জড়িয়ে আছে আবেগ। তাকে মান্যতা দিয়ে আখেরে মানুষের মন জয়ের চেষ্টা করল বিজেপি। এমনই মত অনেকের। সেইসঙ্গে হঠাৎ আরও একবার আলোচনায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রসঙ্গ। 
ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে বহু ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে পিছিয়ে পড়ছে রাজ্য। বিভিন্ন সরকারি বৈঠকে এ রাজ্যের প্রতিনিধিরা বলার সুযোগ পাচ্ছেন সবার শেষে। যে কারণে রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার দাবি পুরনো। এ ব্যপারে বহু আগে প্রস্তাব গৃহীত হয়েছে রাজ্য বিধানসভায়। সেই প্রস্তাব কবে ছাড়পত্র পাবে? উঠছে প্রশ্ন।