তপসিলি জাতির উন্নয়নে ব্যর্থ কেন্দ্র, পিএম-অজয় প্রকল্পে চার বছরে  ২৫ শতাংশ কাজই শেষ হয়নি
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তপসিলি জাতির উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ফের প্রকট হয়ে উঠল। তপসিলি জাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রী অনুশ্চিত জাতি অভ্যুদয় যোজনা (পিএম-অজয়) ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রকল্প রূপায়ণের দায়িত্ব পায় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। ২২টি রাজ্যের ১৩ হাজার ৯৫৯টি গ্রামকে প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়। ঘোষণা করা হয় ১ লক্ষ ৭৪ হাজার উন্নয়নমূলক কাজ। কিন্তু চার বছর পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, মাত্র ৪৩ হাজার ৮০২টি কাজ সম্পূর্ণ হয়েছে। শতাংশের হিসাবে ২৫ শতাংশ কাজও শেষ হয়নি। আরটিআই আবেদনের প্রেক্ষিতে এই পরিসংখ্যান সামনে আসার পরেই বিতর্ক শুরু হয়েছে। অস্বস্তিতে পড়েছে মোদি সরকার।

Advertisement

কোনো গ্রামের মোট জনসংখ্যার ৪০ শতাংশ তপসিলি জনজাতিভুক্ত বা ৫০০-র বেশি মানুষ তপসিলি হলে পিএম-অজয়-এর জন্য যোগ্য বিবেচিত হয়। এর অধীনে সবচেয়ে বেশি ৪১ হাজার ৯৪৯টি প্রকল্প পায় উত্তরপ্রদেশ। পরিসংখ্যান বলছে, যোগী আদিত্যনাথের রাজ্যে মাত্র ৬ হাজার ৮৫৬টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের ৮ হাজার ৪৪টি গ্রামকে এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। ওই অর্থবর্ষে সর্বাধিক প্রকল্প পায় পশ্চিমবঙ্গই। তবে কতগুলি প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেই পরিসংখ্যান সামনে আসেনি।