নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগের জমানায় জোটেনি। বাংলায় নতুন ডবল ইঞ্জিন সরকার আসার পর চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের থেকে ৩১৪ কোটি টাকা আসার ব্যাপারে আশার আলো দেখছে টি বোর্ড। ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’র আওতায় ওই তহবিল কাজে লাগাতে পারবে বাংলা। মঙ্গলবার চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান সি মুরুগান বলেন, অসম এবং পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ওই তহবিলের কথা ঘোষণা করে। মোট এক হাজার টাকা বরাদ্দ হয় প্রকল্পটির জন্য। তিন বছরের ওই স্কিমের ক্ষেত্রে ইতিমধ্যেই দু-বছর কেটে গিয়েছে। ওই স্কিমে টাকা আসার ক্ষেত্রে অন্যতম শর্ত, একটি স্টেট লেভেল কমিটি তৈরি করতে হবে। সেখানে চেয়ারম্যান হিসাবে থাকবেন মুখ্যসচিব। চা উৎপাদক জেলাগুলির জেলাশাসকদের পাশাপাশি সেই কমিটিতে এমপি-সহ অন্যদের থাকার কথা। পূর্বতন রাজ্য সরকার ওই কমিটি তৈরি করেনি। ফলে কোনো অনুদান মেলেনি। আগামী একবছরের মধ্যে যাতে ওই টাকা পাওয়া যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা কমিটি তৈরি করেছি। উত্তরবঙ্গে চলতি মাসেই একটি বৈঠক হয়েছে, যেখানে চাবাগানের সঙ্গে যুক্ত সব পক্ষ, জেলাশাসক এবং সাংসদদের ডাকা হয়।



