Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাটের এমএসপি ২৭৫ টাকা বাড়াল কেন্দ্রীয় সরকার

পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গত বছরের তুলনায় কুইন্টাল প্রতি ২৭৫ টাকা বাড়িয়ে ৫৯২৫ টাকা (টিডি ৩) করল ভারত সরকার।

পাটের এমএসপি ২৭৫ টাকা বাড়াল কেন্দ্রীয় সরকার
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গত বছরের তুলনায় কুইন্টাল প্রতি ২৭৫ টাকা বাড়িয়ে ৫৯২৫ টাকা (টিডি ৩) করল ভারত সরকার। ২০২৬-২৭ ফসল বছরের জন্য বিভিন্ন ধরনের গ্রেডের পাটের উপর ভিন্ন এমএসপি ঘোষণা করা হয়েছে। নতুন হার কার্যকর হয়েছে ১ জুলাই।

Advertisement

এমএসপি টিডি ১ অর্থাত্ সবচেয়ে উন্নত মানের পাটের ক্ষেত্রে হবে ৬৫২৫ টাকা। টিডি ২, টিডি ৪ ও ৫-এর ক্ষেত্রে হবে যথাক্রমে ৬৩২৫, ৫৫২৫ ও ৫৩২৫ টাকা। শুক্রবার প্রেস ক্লাবে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার (জেসিআই) তরফে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডেপুটি জুট কমিশনার নীরজ কুলকার্নি, জুট কর্পোরেশনের এমডি সঞ্জয় কুমার পাণিগ্রাহী, জিএম কল্যাণকুমার মজুমদার ও ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি শশিভূষণ সিং। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছে, জেসিআই ইতিমধ্যেই ‘পাট মিত্রো’ নামের একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে। সেই অ্যাপের মাধ্যমে কৃষকদের এমএসপি, পাট ক্রয় কেন্দ্র, আবহাওয়ার পূর্বাভাস, কৃষি বিষয়ক পরামর্শ, বিক্রির টাকা পাওয়ার তথ্য পাওয়া যাবে। 
আধিকারিকরা জানিয়েছেন, জেসিআইয়ের ক্রয় কেন্দ্রে পাট বিক্রি করার জন্য এখন থেকে কৃষকদের ওই অ্যাপে স্লট বুকিং করতে হবে। সেই স্লট বুকিং ছাড়া ক্রয় কেন্দ্রে গিয়ে লাইন দিলে হবে না বলেই জানানো হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় সকল কৃষকের জমির পরিমাপও ওই অ্যাপে থাকবে। সেই জমি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পাট বিক্রি করা যাবে। পাট বিক্রি করার পর তিনটি কাজের দিনের মধ্যেই কৃষকরা টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। ‘আধার বেসড পেমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে টাকা ব্যাংকে যাবে। অ্যাপে স্লট বুকিংয়ের জন্য স্থানীয় সরকারি আধিকারিক, হেল্প ডেস্ক ও ক্রয় কেন্দ্রে কৃষকদের সাহায্য করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ