নয়াদিল্লি: ২০১৮ থেকে ২০২২ সাল। এই চার বছরে ইউএপিএ-র আওতায় সাড়ে ছ’হাজার জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। তাদের মধ্যে মাত্র দোষী সাব্যস্ত মাত্র ২৫২ জন। সংসদে এই পরিসংখ্যান জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, মাত্র দু’টি ক্ষেত্রে এই আইন প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। বিরুদ্ধ মতামত ও সমালোচনার কণ্ঠরোধ করতে সন্ত্রাসবাদ দমনের এই কঠোর আইনকেও মোদি সরকার প্রয়োগ করছে বলে অভিযোগ। সাংবাদিক ও সমাজকর্মীদের বিরুদ্ধেও এই আইনে মামলা হয়েছে। তা নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই এই পরিসংখ্যানে প্রশ্নের মুখে কেন্দ্র।
বুধবার রাজ্যসভায় ইউএপিএ নিয়ে এক প্রশ্নের লিখিত জবাব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘২০১৮-২২ সালের মধ্যে ৬ হাজার ৫০৩ জনের বিরুদ্ধে ইউএপিএ-তে চার্জশিট দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ২৫২ জন দোষী সাব্যস্ত হয়েছে।’ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ‘ক্রাইম ইন ইন্ডিয়া’র পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য জানিয়েছেন মন্ত্রী। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ওই সময়ে মোট ৮ হাজার ৯৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৬৩৩ জন জম্মু ও কাশ্মীরের । এরপরেই রয়েছে উত্তরপ্রদেশ। যোগীরাজ্য থেকে গ্রেপ্তারের সংখ্যা ২ হাজার ১৬২ জন। বছর ভিত্তিক গ্রেপ্তারির পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে রিপোর্টে। তাতে বলা হয়েছে, ২০১৮ সালে ১ হাজার ৪২১, ২০১৯ সালে ১ হাজার ৯৪৮, ২০২০ সালে ১ হাজার ৩২১, ২০২১ সালে ১ হাজার ৬২১ এবং ২০২২ সালে সবচেয়ে বেশি ২ হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ইউএপিএ-তে।