নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহার্ঘ ভাতার (ডিএ) নিরিখে রাজ্য সরকারি কর্মীদের চেয়ে এখনো অনেক এগিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অক্টোবর মাসে রাজ্য কর্মীদের ডিএ ২০ শতাংশ বেড়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় কর্মীরা এখনো ২৫ শতাংশ এগিয়ে। তবে অফিস ছুটির সুবিধা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় কর্মীদের দ্বিগুণের বেশি ছুটিছাটার সুবিধা পেয়ে থাকেন। আগামী বছর (২০২৭) বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মীদের ছুটির তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আগামী বছর কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে ছুটি থাকবে মোট ১৭ দিন। বিভিন্ন উপলক্ষ্যে, এর বাইরে কেন্দ্রীয় অফিসগুলির জন্য মোট ৩২টি ‘রেস্ট্রিক্টেড’ ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এই ৩২টি থেকে একজন কর্মী বছরে দুটিমাত্র ছুটি নিতে পারবেন। অর্থাৎ একজন সরকারি কর্মী আগামী বছর সব মিলিয়ে বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ দিবসে মোট ১৯টি ছুটি ভোগ করবেন।
রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে ছুটির কী অবস্থা? আগামী বছর রাজ্য অফিসে ছুটির তালিকার বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। এই বিজ্ঞপ্তি জারি করা হয় অক্টোবর-নভেম্বর মাসে। রাজ্যে নতুন বিজেপি সরকার ছুটির তালিকায় কোনো পরিবর্তন করে কি না, সেদিকে নজর কর্মী মহলের। তবে চলতি বছরে বিভিন্ন উপলক্ষ্যে এনআই অ্যাক্টে রাজ্য সরকার ২২টি ছুটি দিয়েছিল। তাছাড়া প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছিল ২৪টি। অর্থাৎ চলতি বছরে রাজ্য সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে সব মিলিয়ে ৪৬ দিন। এর মধ্যে অবশ্য কয়েকটি ছুটি শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এনআই অ্যাক্টে ছুটি দিলে তা রাজ্য সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক ও কিছু বেসরকারি সংস্থার কর্মীদের জন্যও প্রযোজ্য হয়। প্রশাসনিক নির্দেশে ঘোষিত ছুটি কার্যকর হয় শুধুমাত্র রাজ্য সরকারি অফিস ও সংস্থাগুলির ক্ষেত্রে।
কেন্দ্রীয় সরকার আগামী বছরে তাদের অফিসগুলির জন্য ছুটির যে তালিকা প্রকাশ করেছে, তাতে পুজোর সময় ছুটি থাকবে শুধু অষ্টমী ও দশমীতে। সেখানে চলতি বছরে রাজ্য সরকারের অফিসে পুজোর ছুটি পঞ্চমীর দিন থেকে শুরু হয়। লক্ষ্মীপুজোর একদিন পর রাজ্য সরকারের অফিস খুলেছে। পুজোর জন্য টানা ১২ দিন রাজ্য সরকারি অফিসে ছুটি ছিল। নভেম্বরে কালীপুজো থেকে ভাইফোঁটা এবং ছটপুজো মিলিয়ে টানা ১০ দিন ছুটি থাকবে রাজ্য সরকারি অফিসগুলিতে। অন্যদিকে, কেন্দ্রীয় তালিকা বলছে, আগামী বছর শুধু দেওয়ালি উপলক্ষ্যে একদিন ছুটি থাকবে। কেন্দ্রীয় সরকারের তালিকায় দুর্গাপুজোর সপ্তমী ও নবমীর দিনে ছুটি ‘রেস্ট্রিকটেড’ চিহ্নিত আছে। ভাইফোঁটা, ছটপুজো প্রভৃতি সংক্রান্ত ছুটিও এই তালিকাভুক্ত।



