নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অঙ্ক পৌঁছেছে সাড়ে ১৬ লক্ষ কোটি টাকায়। বহু হম্বিতম্বি করেও বিগত চার বছরে আদায় হয়েছে মাত্র ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের এমপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনাদায়ী ঋণ সংক্রান্ত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রকের পক্ষ থেকে এই উত্তর দেওয়া হয়েছে। ঋতব্রত পরে বলেন, সবথেকে বিস্ময়কর হল লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন, তার সঙ্গে স্বয়ং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তথ্যে মিল নেই। তাহলে কি ঋণ খেলাপি অর্থ কতটা আদায় হয়েছে, সেই তথ্য অর্থমন্ত্রকের কাছে নেই? ঋতব্রতের অভিযোগ, রাষ্ট্রমন্ত্রী লিখিত উত্তরে বলেছেন, ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা আদায় হয়েছে ২০২১ সাল থেকে। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন, ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বেশি আদায় হয়েছে। প্রশ্নোত্তর পর্বে অতিরিক্ত প্রশ্নে ঋতব্রত জানতে চেয়েছেন, সর্বাধিক ঋণ শোধ না করার তালিকায় প্রথম ২০ জনের নাম সংসদে জানাক সরকার। কিন্তু এই প্রশ্নের জবাব সরকার দেয়নি।



