নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থায়ী উপাচার্য আসার পর ছাড়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি’র বরাদ্দ টাকা। শনিবার এ কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্রীমৃত্যুর ঘটনার পর ক্যাম্পাসে সিসিটিভি’র অপর্যাপ্ততার অভিযোগ উঠছে। রাজ্য সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের সেই বাবদ আর্থিক অনুদান চাওয়ার বিষয়টিও আসছে চর্চায়। এদিন এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্যের সঙ্গে এ বিষয়ে সরকারের আলোচনা এগিয়ে গিয়েছিল। তার মধ্যেই রাজ্যপাল উপাচার্যকে সরিয়ে দেন। মস্তকহীন হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।’ অর্থদপ্তরের ছাড়পত্র থাকলেও এই কারণে সরকারি অনুদান বিশ্ববিদ্যালয়ের হাতে দেওয়া যাচ্ছে না বলে ইঙ্গিত মেলে তাঁর কথায়। প্রসঙ্গত, স্থায়ী উপাচার্য হিসেবে শীর্ষ বাছাই হিসেবে রয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তথা যাদবপুরের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য।



