নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেখ শাহজাহানের বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই সন্দেশখালিতে দু’টি খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৯ সালে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সন্দেশখালির ভাঙিপাড়ায় দু’জনকে খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের। সম্প্রতি সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় শাহজাহান। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানায়, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অভিযুক্তের এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা হচ্ছে না। দুই খুনের ঘটনায় মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেখানে সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শাহজাহানের নাম ছিল। অভিযোগ, পরবর্তী কালে সিআইডি মামলা হাতে নেওয়ার পর চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ যায়। তখন হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতদের পরিবার। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।



