নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাথেটার, ইনফিউশন সেটের মতো অপরিহার্য চিকিৎসা যন্ত্রও গুণগত পরীক্ষায় ‘ফেল’! কেন্দ্রীয় এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের যৌথ বার্তা থেকে জানা গেল এমনই চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি দেশের সব রাজ্যের ড্রাগ কন্ট্রোল, ওষুধের দোকানদারদের সংগঠন সহ সংশ্লিষ্ট সব মহলে পাঠানো হয়েছে এই বার্তা। দুটি ভিন্ন অ্যালার্টে সবশুদ্ধ ৯২টি জরুরি ওষুধ, ইঞ্জেকশন এবং চিকিৎসাযন্ত্রের উল্লেখ করা হয়েছে। সবগুলিই গুণগত মানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কোম্পানি, ব্যাচ নম্বর, কোথায় পরীক্ষা, কেন ফেল সহ সংক্ষিপ্ত কিন্তু খুঁটিনাটি তথ্য জানানো হয়েছে ওই দুই সরকারি বার্তায়। জরুরি চিকিৎসা যন্ত্র ছাড়াও অক্সিটোসিন, অ্যাড্রিনালিন সহ এক ডজনের বেশি জীবনদায়ী ইঞ্জেকশন, অসংখ্য জীবনদায়ী ওষুধও পাশ করতে পারেননি বিভিন্ন ড্রাগ ল্যাবরেটরির পরীক্ষায়।



