Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে জামাইষষ্ঠীর বাজারে হিট কাজু পান, আম-আনারস সন্দেশ

স্বাস্থ্য সচেতনতায় নতুন প্রজন্মের মনে মিষ্টি নিয়ে রয়েছে নানা বাছবিচার। কিন্তু এমন ট্রেন্ডিং সত্ত্বেও, জামাই বন্দনায় নানা পদের পাশাপাশি নিত্যনতুন মিষ্টি বাজার মাতাল।

রায়গঞ্জে জামাইষষ্ঠীর বাজারে হিট কাজু পান, আম-আনারস সন্দেশ
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: স্বাস্থ্য সচেতনতায় নতুন প্রজন্মের মনে মিষ্টি নিয়ে রয়েছে নানা বাছবিচার। কিন্তু এমন ট্রেন্ডিং সত্ত্বেও, জামাই বন্দনায় নানা পদের পাশাপাশি নিত্যনতুন মিষ্টি বাজার মাতাল। রবিবার রায়গঞ্জের আম সন্দেশ, আনারস সন্দেশ থেকে কাজু পান, দই সহ একাধিক মিষ্টির চাহিদা ছিল আকাশছোঁয়া। সকাল থেকেই পছন্দের মিষ্টি কেনার ধুম পড়ে যায়। 

Advertisement

কয়েকবছর পর জামাইষষ্ঠী পড়েছে রবিবার। তাই ছুটির দিনে জামাই বন্দনায় ছিল বেশি আড়ম্বরও। মাছ, মাংস, রকমারি ব্যঞ্জনের পাশাপাশি বাহারি মিষ্টির চাহিদা এদিন ছিল তুঙ্গে। সুযোগ বুঝে ফিউশন মিষ্টি, ভিন্ন স্বাদের নতুন কিছু জামাই বা শ্বশুরকে তুলে দিতে কার্পণ্য করেননি মিষ্টির দোকানিরাও। 
রায়গঞ্জ কলেজপাড়ার মিষ্টির দোকানের কর্ণধার দীপক মিশ্র বলেন, সারাবছর আমরা যে মিষ্টি তৈরি করি, সেগুলির পাশাপাশি নতুন কিছু রেখেছি। যার মধ্যে অন্যতম ছানা ও পাকা আমের মিশ্রণে তৈরি আম সন্দেশ এবং আনারস ও ছানা মিশিয়ে আনারস সন্দেশের মতো নতুন স্বাদের মিষ্টি। গ্রাহকরা সেগুলি পছন্দ করছেন এবং নিয়ে যাচ্ছেন। এদিন এসব মিষ্টি বেচে মুখে হাসি দীপকের।  
শহরের এফসিআই মোড়ের মিষ্টির দোকানি সমর কুণ্ডু বলেন, নতুন প্রজন্মের মিষ্টি নিয়ে যথেষ্ট বাছবিচার আছে। অনেকেই মিষ্টির মাত্রা কম, এমন মিষ্টি পছন্দ করেন। সেই কথা মাথায় রেখে এবারের জামাইষষ্ঠীতে আমাদের বিশেষ সংযোজন ছিল কাজু পান। যা আমাদের গ্রাহকদের মন কেড়েছে। বিক্রিও হয়েছে ভালোই। এছাড়াও পাঁচ রকমের রসগোল্লা, তিনরকমের দই সহ অন্তত ২০ রকমের মিষ্টি ছিল। এমন বাহারি মিষ্টি জামাইয়ের পাতে দিয়ে খুশি শ্বশুর-শাশুড়িও। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ