Bartaman Logo
১৪ জুন, ২০২৬

হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

সরকারি অনুদানের অপব্যবহার করেছেন। এই অভিযোগে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সুখবীর কাটারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: সরকারি অনুদানের অপব্যবহার করেছেন। এই অভিযোগে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সুখবীর কাটারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। দুর্নীতি দমন আইনে অভিযুক্ত তাঁর ৪ সহযোগীও। 

Advertisement

২০০৯ থেকে ২০১৪ সালে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন সুখবীর। সামলেছেন কৃষি, সমবায় এবং যুব ও ক্রীড়া দপ্তর। গত বছর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন ওমপ্রকাশ কাটারিয়া নামে এক ব্যক্তি। ওমপ্রকাশের অভিযোগ, মন্ত্রী থাকার সময় ২০ লক্ষ টাকা দিয়ে নিজের বাড়ি সংস্কার করেছিলেন সুখবীর। অথচ খাতায় কলমে সেই অর্থ বরাদ্দ করা হয়েছিল অনন্ত সিং, শর্মিলা দেবী এবং বাসন্তী দেবীর ঘর মেরামতের জন্য।  এরপরই গুরুগ্রাম পুলিশকে বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে বলে স্থানীয় আদালত। পুলিশের পক্ষ থেকে দু’টি রিপোর্ট দাখিল করা হয়। দুই রিপোর্টেই মন্ত্রীকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে অভিযোগকারী ওমপ্রকাশ দাবি করেন, আসলে মন্ত্রীর বাড়ির রক্ষণাবেক্ষণের কাজেই এই অর্থ খরচ করা হয়। তাঁর দাবির সমর্থনে একাধিক নথি জমা দেন। এরপরেই আদালতের পক্ষ থেকে বলা হয়, অনুদান যে বরাদ্দ করা হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সেই অনুদান কে পেল, তা যথাযথভাবে যাচাই করা হয়নি। এরপরেই আদালতের পক্ষ থেকে এফআইআরের নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, আদালতের নির্দেশের পরই নিউ কলোনি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।  সুখবীর অবশ্য বলেছেন, ‘আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তদন্তে সহযোগিতা করব। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং এসডিএমের মাধ্যমে সব অর্থ বরাদ্দ করা হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ