Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসি রিপোর্ট নিয়ে অভিযোগকারিণীর আপত্তি না থাকায় মামলা বন্ধের নির্দেশ

পুলিসি রিপোর্ট নিয়ে অভিযোগকারিণীর  আপত্তি না থাকায় মামলা বন্ধের নির্দেশ
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার শ্যামপুকুরে এক নামী স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগের প্রমাণ মেলেনি। এই মর্মে আগেই রিপোর্ট দিয়েছিল পুলিস। তার ভিত্তিতে বিচারক ওই ছাত্রীর মাকে তলব করেছিলেন। সম্প্রতি ওই ছাত্রীর মা কলকাতার পকসো আদালতে বলেন, পুলিস এই মামলায় আদালতে যে রিপোর্ট দিয়েছে, তা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। এরপরই বিচারক এই মামলা বন্ধ করার নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সৈকত পান্ডে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্কুল চলাকালীন এক রাজমিস্ত্রি চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ করেছিলেন তার মা। তার ভিত্তিতে পুলিস পকসো মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। আদালত ওই ছাত্রীর গোপন জবানবন্দির আর্জি মঞ্জুর করলেও সে ওই প্রক্রিয়ায় অংশ নেয়নি। অভিযোগ, ছাত্রীর মা তদন্তকারী অফিসারকে জানিয়ে দেন, মেয়ে কোথাও যেতে পারবে না। সরকারি কৌঁসুলি জানান, অভিযোগকারিণী এই তদন্তে সহযোগিতা করেননি। কেন তাঁর মেয়েকে নিয়ে আদালতে গোপন জবানবন্দি দিতে যাননি, সেব্যাপারেও তাঁর ব্যাখ্যাকে সন্তোষজনক মনে হয়নি পুলিসের। এরপরই পুলিস আদালতে রিপোর্ট দিয়ে জানায়, অভিযোগের কোনও সারবত্তা নেই। তার ভিত্তিতে মামলা বন্ধের নির্দেশ দেন বিচারক। 
সরকারি আইনজীবীর মন্তব্য, পুলিসের রিপোর্ট নিয়ে অভিযোগকারিণীর যখন আপত্তি নেই, তাহলে এই মামলার আর কোনও সারবত্তা থাকে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ