নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও রেশন গ্রাহক তাঁর নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছ’মাস না তুললে তবেই সেই কার্ড সাময়িকভাবে ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে। আগে এইসময় সীমা দু’মাস ছিল। রাজ্য খাদ্যদপ্তর গত ১১ আগস্ট রেশন ব্যবস্থা পরিচালনার যে সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে তাতে এটা বলা হয়েছে। নিষ্ক্রিয় কার্ড তিনমাসের মধ্যে ফের চালু করার সুযোগও থাকছে। বলা হয়েছে ওই কন্ট্রোল অর্ডারে। খাদ্যদপ্তর সূত্রের খবর, নিষ্ক্রিয় কার্ড চালু করতে গ্রাহককে ফের ‘ই-কেওয়াইসি’ করতে হয়। এই প্রক্রিয়া সম্পন্ন হয় আধারের বায়োমেট্রিক নিয়ে।
২০২৪-এর আগস্টে খাদ্যদপ্তরের নয়া পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারে বলা হয়, টানা দু’মাস খাদ্য না নিলেই কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। তারপর ছ’মাসের মধ্যে কার্ড চালু না করলে তা বাতিল হয়ে যাবে পুরোপুরি। এই পরিস্থিতিতে ওই গ্রাহক ফের রেশন কার্ড চাইলে তাঁকে নতুন করেই আবেদন করতে হবে। খাদ্য না তোলার কারণে কার্ড কখন নিষ্ক্রিয় এবং ফের চালু হবে—সংশোধিত কন্ট্রোল অর্ডারে ওই সংক্রান্ত ধারাগুলির পরিবর্তন করা হয়েছে। নিষ্ক্রিয় করার ছ’মাসের ভিতরে কার্ড চালু করতে উদ্যোগী না-হলে সেটি যে পুরোপুরি বাতিলই হবে, সেই ধারার কোনও পরিবর্তন সংশোধিত কন্ট্রোল অর্ডারে করা হয়নি। তাই ছ’মাস নিষ্ক্রিয় কার্ড পুরোপুরি বাতিলের নিয়মটিই বহাল থাকছে।
কার্ড নিষ্ক্রিয়করণের সময়সীমা বাড়িয়ে ছ’মাস করায় গ্রাহকদের সুবিধাই হবে। মত রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, অসুস্থতা কিংবা সাময়িকভাবে বাইরে থাকার কারণে অনেক গ্রাহকই রেশন তুলতে পারেন না। এতদিন তাঁদের কার্ড মাত্র দু’মাসেই নিষ্ক্রিয় হয়ে যেত। ওই কার্ড চালু করতে বেশ হয়রানি হতো তাঁদের। তবে সংগঠন চাইছে, কার্ড নিষ্ক্রিয় করার আগে সংশ্লিষ্ট গ্রাহককে ফোন কিংবা চিঠি মারফত জানানো হোক। এখন গ্রাহক রেশন দোকানে গিয়েই তাঁর কার্ড নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত জানতে পারেন। তাতে অনেক সময় ডিলারের সঙ্গে গ্রাহকের ঝামেলা বেধে যায়।