Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যশোর রোডে চায়ের দোকানে গাড়ির ধাক্কা, জখম তিনজন

বড়সড় দুর্ঘটনা যশোর রোডে। বৃহস্পতিবার ভোরে একটি সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের পাশে চায়ের দোকানে ঢুকে যায়।

যশোর রোডে চায়ের দোকানে গাড়ির ধাক্কা, জখম তিনজন
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বড়সড় দুর্ঘটনা যশোর রোডে। বৃহস্পতিবার ভোরে একটি সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের পাশে চায়ের দোকানে ঢুকে যায়। দোকানের মালিক সহ জখম হন তিনজন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে। গাড়ি ও চালককে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিস।স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সকাল সাতটা নাগাদ একটি সবজি বোঝাই গাড়ি বারাসতের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। নজরুল ইসলাম সরণির কাছে আসতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার ধারের একটি চায়ের দোকানে। প্রচণ্ড গতিতে থাকায় গাড়ির সামনের অংশে ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে চায়ের দোকানটিও। দুর্ঘটনায় গাড়ির চালক, চায়ের দোকানের মালিক ও এক খরিদ্দার আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের নিয়ে আসেন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপতালে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তুলসী দাস বলেন, যশোর রোডে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রুখতে যশোর রোডে বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ করুক পুলিস। উল্লেখ্য, গত ২১ জুলাই সাতসকালেই যশোর রোডের কাজি নজরুল ইসলাম সরণির কাছেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের। উত্তেজিত জনতা পুলিসের কিয়স্ক ভাঙচুর করে দফায় দফায় ব্যস্ত যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিস যশোর রোডের দুর্ঘটনাপ্রবণ এলাকা পরিদর্শন করেন। নেওয়া হয়েছে পদক্ষেপও। কিন্তু তারপরেও দুর্ঘটনা না কমায় চিন্তায় আমজনতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ