Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোদপুরে ফ্লাইওভারের হাইট বারে গাড়ির ধাক্কা, বিম ভেঙে জখম বাইক আরোহী

দুর্বল হয়ে রয়েছে সোদপুর ফ্লাইওভার। বিপদের আশঙ্কা রয়েছে। তাই বেশ কয়েক মাস আগে হাইট বার লাগিয়ে বড় গাড়ি ওঠা বন্ধ করা হয়েছে এই ফ্লাইওভারে।

সোদপুরে ফ্লাইওভারের হাইট বারে গাড়ির ধাক্কা, বিম ভেঙে জখম বাইক আরোহী
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দুর্বল হয়ে রয়েছে সোদপুর ফ্লাইওভার। বিপদের আশঙ্কা রয়েছে। তাই বেশ কয়েক মাস আগে হাইট বার লাগিয়ে বড় গাড়ি ওঠা বন্ধ করা হয়েছে এই ফ্লাইওভারে। প্রত্যেক শনি ও রবিবার ব্রিজ পুরোপুরি বন্ধ রেখে মেরামতির কাজ হচ্ছে। তার মধ্যেই ঘটল দুর্ঘটনা। বুধবার দুপুরে ডাক পার্সেলের গাড়ির ধাক্কায় ফ্লাইওভারের হাইট বার ভেঙে গুরুতর জখম হন এক বাইকচালক। আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক জন পথচারী কপাল জোরে বেঁচেছেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাইট বারে ধাক্কা মারা গাড়ি ও চালককে আটক করা হয়েছে। 

Advertisement

এদিন দুপুর ২টো নাগাদ ডাক পার্সেলের বড় গাড়ি বি টি রোডের দিক থেকে সোদপুর ফ্লাইওভারে উঠছিল। হাইট বার থাকলেও চালক ধর্তব্যের মধ্যেই আনেননি। দ্রুত গতিতে যাওয়ার সময় হাইট বারে ধাক্কা লেগে ভারী লোহার বিম নীচে আছড়ে পড়ে। সেই সময় ব্রিজ থেকে বাইক নিয়ে নামছিলেন নিউ বারাকপুরের প্রৌঢ় স্বপনকুমার মিস্ত্রি। লোহার বিমটি তাঁর উপরেই পড়ে। তিনি রাস্তায় পড়ে যান। তাঁর ডান পা থেতলে যায়। একটি অটোর ধার ঘেঁষে বিমটি পড়ায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। কিন্তু অটোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তীব্র উত্তেজনা ছড়ায়। জখম স্বপনবাবুকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 
ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দেব বলেন, ‘ওই গাড়ির গতি বেশি ছিল। হাইট বারে ধাক্কা লাগার পর সেটি ভেঙে রাস্তার উপর পড়ে। বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। অনেক পথচারী বরাতজোরে বেঁচে গিয়েছেন। লোহার বিম আমাদের দোকানের দিকে ছিটকে এলে আমাদেরও প্রাণ সংশয় হতো।’ স্থানীয়দের অভিযোগ, সোদপুর-মধ্যমগ্রাম রোড এমনিতেই যানজটে জেরবার হয়ে থাকে। ফুটপাত ছাড়িয়ে রাস্তার উপর উঠে এসেছে দোকানপাট। যেখানে সেখানে  গাড়ি পার্কিং। তার মধ্যে বড় বড় গাড়ি ঢুকে পড়ছে। পুলিস ঠিকমতো নজরদারি করছে না বলে অভিযোগ। ফলে ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। তাঁদের দাবি, এদিনও পুলিসের নজরদারি থাকলে এই ঘটনা ঘটত না। অনেক আগেই গাড়িটি আটকে দেওয়া যেত।

Advertisement
সম্পর্কিত সংবাদ