নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে এক বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। নিরাপত্তার কারণে তাঁকে নরেন্দ্রপুর থানার লক আপে রাখা হয়েছে। কয়েকজন বন্দির সঙ্গে একই লক আপে রয়েছেন তিনি। আলাদা করে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি। তবে গ্রেপ্তারির পর থেকেই খাওয়ায় অনীহা দেখা দিয়েছে তাঁর মধ্যে। বাকিদের মতো তাঁকেও তিন বেলা খাবার দেওয়া হলেও অনেকটাই কম খাচ্ছেন। তাতে তাঁর শারীরিক অবস্থার কোনো অবনতি হচ্ছে কি না, তা জানতে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষাও করছেন চিকিৎসকরা। তবে থানার অফিসারদের কাছে তাঁকে বিশেষ কোনো চাহিদা বা আবদার করতে শোনা যায়নি। কেবল রাতে ঘুমানো নিয়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন।
এক সময়ে ক্যানিং পশ্চিমের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ানো এই বিধায়ক এখন লোহার বেড়াজালের মধ্যে বন্দিদশায় রয়েছেন। বুধবার ফের তাঁকে আদালতে তোলা হবে। পুলিশের একটি সূত্র বলছে, ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি আরো যেসব অভিযোগ দায়ের হয়েছিল, সেগুলি নিয়েও খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারীরা। অনেকেরই ধারণা, কোনো মামলায় জামিন পেলেও অন্য মামলায় যাতে তাঁর হাজতবাস হয় সেটাই চেষ্টা করা হচ্ছে।



