সংবাদদাতা, বারুইপুর: ক্যানিংয়ের সাতমুখি ব্রিজের উপর ক্যানিং থানার এক সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। আহত সিভিকের নাম ধীমান প্রামাণিক। এর জেরে শনিবার সন্ধ্যায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা এসে ওই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহত ধীমান প্রামাণিক বলেন, সাতমুখিতে শুক্রবার একটি প্রণয়ঘটিত বিষয় নিয়ে দুই যুবকের মধ্যে ঝামেলা চলছিল। ওদেরকে সতর্ক করে সেই ঝামেলা মিটিয়েও দেওয়া হয়। কিন্তু সেই সংক্রান্ত আক্রোশ থেকে আমার উপর চড়াও হয়ে মারধর করেন ৫-৬ জন যুবক। এরা এলাকার স্থানীয় ব্যবসায়ী। শুধু এই কারণে মারধর, না এর পিছনে অন্য কারণ আছে, তা পুলিশ খতিয়ে দেখছে।



