গৌতম অধিকারী, কালিয়াচক: ডিলিটেড ভোটারদের বিক্ষোভ, বিচারকদের আটকে পড়ার পর মোথাবাড়ি কেন্দ্রে কয়েকদিন নির্বাচনি প্রচার কিছুটা থিতিয়ে পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম। বুধবার যুবকর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার চালালেন তিনি।
যুব ও মহিলা ভোটারদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রচারে। স্থানীয় সমস্যার কথা শোনা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা তুলে ধরা-সব দিকেই নজর রাখছেন প্রার্থী। আগামী কয়েকদিন কীভাবে প্রচার করা হবে, তার পরিকল্পনাও সেরে ফেলেছেন নজরুল।
এদিন প্রচারের ফাঁকে নজরুল বলেন, মোথাবাড়ির মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এই সরকারের আমলে গত কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে, তা সাধারণ মানুষ দেখেছেন। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা প্রতিটি ক্ষেত্রেই কাজ হয়েছে। উন্নয়নের সেই ধারাকে এগিয়ে নিয়ে যেতে মানুষ এবারও তৃণমূলকেই আশীর্বাদ করবেন বলে আশাবাদী।
প্রার্থীর দাবি, যুব সমাজ দলের শক্তি। তাদের উৎসাহ এবং সমর্থনই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি মহিলারাও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে সন্তুষ্ট। তাই এবারের নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জিতবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও বিজেপির প্রার্থী নিবারণ ঘোষ বলেন, মোথাবাড়ির মানুষ আর তৃণমূলের পক্ষে নেই। সংখ্যালঘুরাও বিজেপির দিকে ঝুঁকেছে। তৃণমূল যতই প্রচার করুক, মোথাবাড়ি এবার বিজেপির দখলে আসা শুধু সময়ের অপেক্ষা।