সংবাদদাতা, হলদিয়া: বায়ুদূষণ প্রতিরোধে শিল্পশহরের স্কুল পড়ুয়াদের নিয়ে সোমবার সচেতনতা শিবির করল হলদিয়া পুরসভা। ষষ্ঠ আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস উপলক্ষ্যে এদিন সচেতনতা শিবির ও বক্তৃতা প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশ নেয় পড়ুয়ারা। পুরসভার রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে এই শিবিরে সহযোগিতা করে পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পুরসভা কর্তৃপক্ষ ন্যাশনাল ক্লিয়ার এয়ার প্রোগ্রাম বা এনক্যাপ কর্মসূচির মাধ্যমে এক সপ্তাহ ধরে পরিবেশ সচেতনতার নানা উদ্যোগ নিয়েছে। এবছর এনক্যাপ কর্মসূচিতে প্লাস্টিক দূষণ ও তার প্রতিকারের উপায় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এবিষয়ে ২, ৩ ও ৪ সেপ্টেম্বর পরিবেশ সচেতনতার শিবির ও প্রতিযোগিতা হয়েছে। এদিন সপ্তাহভর কর্মসূচির সমাপ্তিতে শহরের বায়ুদূষণ নিয়ে সমস্যা ও সমাধানের উপায় দেখানোর চেষ্টা করেছে স্কুলপড়ুয়ারা। দূষণ নিয়ে তরুণ প্রজন্ম কতটা সচেতন এবং চিন্তা করছে এদিনের আলোচনায় সেই বিষয়টি উঠে এসেছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের মধ্যে পরিবেশ নিয়ে বাস্তবসম্মত ভাবনা তৈরি করতে এই শিবির আয়োজন করা হয়েছে। এদিন সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী স্কুলগুলিকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এদিন বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে হলদিয়া ডিএভি পাবলিক স্কুল, দ্বিতীয় হলদিয়া হাইস্কুল এবং তৃতীয় হয়েছে হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাইস্কুল। প্লাস্টিক দূষণ ও প্রতিকারের মডেল, প্রবন্ধ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, ক্যুইজ ও পোস্টার প্রতিযোগিতায় পুরস্কার ছিনিয়ে নিয়েছে চকদ্বীপা হাইস্কুল, পৌর পাঠভবন স্কুল, পরাণচক শিক্ষানিকেতন, পূর্ব শ্রীকৃষ্ণপুর বিএমটি বিদ্যাপীঠ, হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় সহ কয়েকটি নামী ইংরেজি মাধ্যম স্কুল। এদিন দুই শতাধিক পড়ুয়ার হাতে ফলের চারা তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তর ও পুরসভার আধিকারিকরা।-নিজস্ব চিত্র



