মেঙ্গা বাঁধের বিরোধিতায় বন্‌ধের ডাক, অশান্ত অরুণাচলের আপার সুবনসিরি
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইটানগর: ফের অশান্তি অরুণাচল প্রদেশে। প্রস্তাবিত ১,৬০৫ মেগাওয়াটের আপার সুবনসিরি জলবিদ্যুৎ প্রকল্পের (মেঙ্গা বাঁধ) বিরোধিতায় সোমবার অরুণাচলে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দেওয়া হয়। তার জেরে আপার সুবনসিরি জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বন্‌ধ চলাকালীন বিক্ষোভকারীরা এনএইচপিসির একটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় ও আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি, বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বলেও প্রশাসন সূত্রে খবর।

Advertisement

জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী জেলা দাপোরিজো সহ বিভিন্ন এলাকায় এদিন বন্‌ধ পালিত হয়। ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন তথা এনএইচপিসি প্রস্তাবিত এই জলবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেই প্রস্তাবিত বাঁধের বিরোধিতা, পুলিশের বিরুদ্ধে স্থানীয় এলাকায় অনধিকার প্রবেশ এবং ছাত্র সংগঠনের এক নেতাকে আটক করার প্রতিবাদে বন্‌ধের ডাক দেওয়া হয়। ১২ ঘণ্টার বন্‌ধের জেরে জেলার বিভিন্ন এলাকায় এদিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। একাধিক স্থানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। প্রস্তাবিত মেঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে স্থানীয়দের বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে নিরপত্তা বাহিনী। 
প্রসঙ্গত, সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট-এর আওতায় ১১২০০ মেগাওয়াট বাঁধ নির্মাণ নিয়ে ইতিমধ্যেই অগ্নিগর্ভ অরুণাচলের বিভিন্ন জেলা। সূত্রের খবর, প্রতিবাদ চলাকালীন বিক্ষোভকারীরা দুই বিধায়ক এবং বিজেপির রাজ্য সভাপতির বাড়িতে হামলা চালায়।