Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্কিং নিয়ে বিবাদ, বিজয়গড়ে ক্যাব চালককে পিটিয়ে খুন, অভিযুক্ত পাঁচ

পার্কিং নিয়ে বিবাদ, বিজয়গড়ে ক্যাব চালককে পিটিয়ে খুন, অভিযুক্ত পাঁচ
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের ফ্ল্যাটের সামনে গাড়ি রাখা (পার্কিং) নিয়ে বচসা। তা মারধরের রূপ নিতে দেরি করেনি। আর সেই বেধড়ক মারধরের জেরেই কলকাতায় মৃত্যু হল এক ‘অ্যাপ ক্যাব’ চালকের। মৃতের নাম জয়ন্ত সেন (৩৮)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার বিজয়গড়ে, লায়েলকার মাঠ এলাকায়। মৃতের ভাই প্রশান্ত সেনের লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিস। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Advertisement

কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত বুধবার (৪ মার্চ)। ঘড়িতে তখন রাত সাড়ে দশটা। আর পাঁচটা দিনের মতো ‘অ্যাপ ক্যাব’ চালিয়ে বাড়ি ফিরে এসেছিলেন জয়ন্তবাবু। নিজের ফ্ল্যাটের ঠিক সামনেই গাড়ি ‘পার্ক’ করার অভ্যাস তাঁর। কিন্তু সেখানে আগে থেকেই একটি স্কুটার রাখা ছিল। অভিযোগ, পার্কিংয়ের সময় গাড়ির ধাক্কায় সেটি রাস্তায় পড়ে যায়। আর সেই নিয়েই স্কুটারের মালিক সহ চার-পাঁচজন যুবকের সঙ্গে জয়ন্তবাবুর বচসা বাঁধে। অভিযোগ, বচসা চলাকালেই তাঁকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর জখম হন তিনি।
ঘটনার পর জয়ন্তকে প্রথমে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে আনা হয় কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় জয়ন্তবাবুর। এরপরই গোটা এলাকায় আলোড়ন পড়ে যায়। শনিবার বিকেলে কাঁটাপুকুর মর্গে ময়নাতদন্ত শেষে জয়ন্তবাবুর নিথর দেহ নিয়ে আসা হয় বিজয়গড়ের বাড়িতে। বা঩ড়ির সামনে স্থানীয়দের জটলা লক্ষ্য করা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁদের অনেকেই।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির একমাত্র রোজগেরে সদস্য ছিলেন জয়ন্তবাবু। তাঁর ১৩ বছরের একটি মেয়ে রয়েছে। ‘অ্যাপ ক্যাব’ থেকে হওয়া আয়েই চলত পাঁচজনের সংসার। হঠাৎ করে একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে অসহায় গোটা পরিবার। জয়ন্তর ভগ্নিপতি রাজু পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিজয়গড়ের বুকে প্রকাশ্য রাস্তায় চার-পাঁচজন মদ্যপ দুষ্কৃতী দাদাকে ফেলে পেটাল। অথচ কেউ দাদাকে বাঁচাতে এগিয়ে এল না! যাদবপুর থানার পুলিস ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা এই অবিচার মেনে নেব না। এর জন্য যতদূর যেতে হয় আমরা যাব।’ স্থানীয়রা জানাচ্ছেন, যে চার-পাঁচজন যুবক স্কুটার ফেলে দেওয়ার ‘অপরাধে’ ক্যাব চালক জয়ন্তকে নির্মমভাবে মারধর করেছে, তারা বহিরাগত। সম্প্রতি এলাকায় ঘর ভাড়া নিয়ে এসেছে। এমনকী এলাকায় নানা ধরনের অসামাজিক কাজকর্মের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের সন্ধানে নেমেছে পুলিস।       

Advertisement
সম্পর্কিত সংবাদ