Bartaman Logo
২৭ মে, ২০২৬

ব্যাঙ্কগুলিতে বাড়ছে রিকভারি এজেন্টের নিয়োগ

ব্যাঙ্কগুলিতে বাড়ছে রিকভারি এজেন্টের নিয়োগ
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর— এই ছ’মাসে দেড়গুণ বেড়ে গিয়েছে দেশের ব্যাঙ্কিং সেক্টরের রিকভারি এজেন্টের সংখ্যা। যাঁদের কাজ হল সময়মতো কিস্তি মেটাতে ব্যর্থ ঋণগ্রহীতাদের বাড়ি বা কর্মস্থলে হানা দিয়ে টাকা আদায় করা। সরকারি ও বেসরকারি উভয় ব্যাঙ্কিং সেক্টরে গত এক বছরে হঠাৎ করে বাড়ছে রিকভারি এজেন্ট নিয়োগের প্রবণতা। কারণ একটাই। লোন নিয়ে তা পরিশোধ করতে পারছে না আমজনতা।
Advertisement
গাড়ি-বাড়ি, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড ইত্যাদি নানা খাতে ঋণ নিয়ে থাকে আমজনতা। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে দেখা গিয়েছে, একদিকে বাড়ছে ব্যাঙ্কগুলির ঋণদান প্রবণতা। কিন্তু সেই অনুপাতে টাকা জমা পড়ছে না। জমা অর্থ এবং ঋণ, এই দুইয়ের ভারসাম্য না থাকলে সেটা বিপজ্জনক প্রবণতা। কারণ ব্যাঙ্কের আমানতের পরিমাণ কমে যাবে। এমন অবস্থায় রিকভারি এজেন্ট নিয়োগের ক্ষেত্রে নতুন প্রবণতা উদ্বেগ আরও বাড়িয়েছে। 
দেখা যাচ্ছে ২০২৪ সালের জুলাই মাসে ব্যাঙ্কিং এবং আর্থিক সেক্টরে আউটসোর্সড কর্মী নিয়োগ হয়েছিল ৭৭ হাজার। ডিসেম্বর মাসে হয়েছে ৮২ হাজার। কিন্তু জুলাইতে ৭৭ হাজারের মধ্যে ৬ হাজার নিয়োগ হয়েছিল রিকভারি এজেন্ট। আর ডিসেম্বর মাসে ৮২ হাজারের মধ্যে রিকভারি এজেন্ট প্রায় ১০ হাজার। এর বাইরে ব্যাঙ্কের নিজস্ব স্থায়ী কর্মীদেরও কাজে লাগানো হচ্ছে বকেয়া ঋণের টাকা উদ্ধারে।
ব্যাঙ্কগুলির রিপোর্ট হল, বাড়ি মেরামতি বা কোনও পণ্য ক্রয়ের মতো ছোটখাটো ঋণ নেওয়ার পরও সেটা শোধ দিতে পারছেন না মধ্যবিত্ত গ্রাহক। সাধারণত মধ্যবিত্ত তথা চাকরিজীবী  গ্রাহক ঋণ পরিশোধে বিমুখ হয় না। কিন্তু বর্তমানে আর্থিক বোঝা বৃদ্ধির কারণে এই অংশও ঋণ শোধ করতে পারছে না।
সম্পর্কিত সংবাদ