ব্যাংকক, ৩০ ডিসেম্বর: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতেরা সকলেই বিদেশি নাগরিক। পাশাপাশি আহত হয়েছেন আরও ৭ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় পুলিস ও দমকল আধিকারিকরা। এই ঘটনায় দমকল কর্মীরা জানিয়েছেন, খাওসান এলাকার ৬ তলার ওই হোটেলটির ৫ তলায় আচমকাই আগুন লাগে। হোটেলে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। প্রথমে হোটেল কর্মী এবং স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে দমকল এসে ১ মহিলা এবং ২ জন পুরুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা সকলেই বিদেশি, তবে তাঁরা কোন দেশের নাগরিক তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি এই ঘটনায় জখম ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও হোটেলটি থেকে বাকিদের উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



