Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যবসায়ীর কোটি টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত

ব্যবসায়ীর কোটি টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসায়ীর চোখে স্প্রে করে কোটি টাকা লুটের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল লালবাজার। ইরফান খান ও নাসিরুল নামে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ধৃতদের বাড়ি বিহারে হলেও তারা কলকাতায় অপরাধের জাল বিছিয়েছিল বলে খবর। ছিনতাই ও ডাকাতির জন্য তারা একটি গ্যাংও তৈরি করেছিল। চক্রের বাকিদের খোঁজ চলছে।
Advertisement
শনিবার সকাল ৯টা নাগাদ নারকেলডাঙা থানা এলাকায় দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে এক ছাগল ব্যবসায়ীর বাঁ চোখে স্প্রে করে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ লুট করে পালায়। ব্যবসায়ী দাবি করেন, ব্যাগে এক কোটি টাকা ছিল। পুরো টাকাটাই পেমেন্ট হিসেবে তিনি পেয়েছিলেন। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইকটি চিহ্নিত করে পুলিস। জানা যায়, ওই বাইকটি নারকেলডাঙা এলাকার। সেই সূত্র ধরে নাসিরুলকে আটক করা হয়। তাকে জেরা করে জানা যায়, ইরফান বলে আরও একজন তার সঙ্গে ছিল।  ইরফানকে আটক করে নিয়ে আসা হয়। দু’জনই জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। মোবাইলের টাওয়ার লোকেশন দেখিয়ে অফিসাররা জানতে চান সকাল ৯টার সময় ওই এলাকায় তারা কী করছিল। দু’জনেই বিভিন্ন রকম কথা বলতে শুরু করে। শেষ পর্যন্ত জেরার মুখে ভেঙে প঩ড়ে জানায়, তারা এই ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট করেছে। তবে হঠাৎ করে এই ঘটনা ঘটায়নি। ৪০ দিন ধরে ছাগলপট্টিতে যাতায়াত করেছে। এখানে দৈনিক কত টাকা লেনদেন হয়, সেই তথ্য জোগাড় করে তারা। সেখানেই তারা জানতে পারে, পুরো লেনদেনই হয় নগদে। ছাগলপট্টিতে এক বড় ব্যবসায়ীর নাম ইফতিকার। দিনে তাঁর লেনদেনের পরিমাণ কোটি টাকার উপর। এরপর তাঁকে টার্গেট করে তারা। কয়েকদিন ধরে অনুসরণও করে। শনিবার ইফতিকার যে বড় অঙ্কের পেমেন্ট পেয়েছেন, তা জানার পর তাঁর পিছু নেয় তারা। এপিসি রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা বাইকে করে এসে চোখে স্প্রে করে টাকার ব্যাগ লুট করে। 
তদন্তে জানা গিয়েছে, ধৃতরা অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় ছোটখাট লুট, ছিনতাই করে বেড়াচ্ছিল। তাদের একটি গ্যাং রয়েছে। সেই গ্যাংয়ের সদস্যরা সকলেই বিহারের বাসিন্দা। তাদের আরও কয়েকটি লুটের পরিকল্পনা করেছিল। বিহার থেকে টিম নিয়ে এনে সেই অপারেশনের প্ল্যান ছিল তাদের।
সম্পর্কিত সংবাদ