সংবাদদাতা, বারুইপুর: ব্যবসায়িক শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। বাড়ি থেকে দূরে এক মাঠের জলাভূমি থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। মৃতের নাম সাহাজুদ্দিন মল্লিক (৩৮)। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে, মন্দিরবাজার থানার বিশ্বেশ্বরপুর এলাকায়। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে পুলিস গ্রেপ্তার করেছে। যদিও মূল অভিযুক্ত পলাতক। পুলিস ও স্থানীয় সুত্রে খবর, বিশ্বেশ্বরপুর এলাকার বাসিন্দা সাহাজুদ্দিন। লোহার জিনিসপত্র বিক্রি করতেন তিনি। রবিবার সন্ধ্যায় কাজে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। এদিন দুপুরে বাড়ি থেকে দূরে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দারা খবর দিলে পুলিস দেহটি উদ্ধার করে। পুলিস জানিয়েছে, সাহাজুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ঝামেলা চলছিল সাহারুল মোল্লার। সাহারুলও লোহার জিনিসপত্র বিক্রি করেন। সাহারুল তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। এর জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান।



