Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপণ দাবি, দেড় ঘণ্টার মধ্যেই উদ্ধার

ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপণ দাবি, দেড় ঘণ্টার মধ্যেই উদ্ধার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিস। ব্যবসা সংক্রান্ত চুক্তির নাম করে রাজস্থানের এক কাপড় ব্যবসায়ীকে হাওড়ার নিশ্চিন্দায় ডেকে এনে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল একদল দুষ্কৃতী। মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছিল নগদ ১০ লক্ষ টাকা। খবর পাওয়া মাত্র দেড় ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁকে উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। ওই ব্যবসায়ীর নাম শচীন বৈষ্ণব। গ্রেপ্তার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। এখনও পলাতক এক অপহরণকারী। পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কাপড় ব্যবসায়ী শচীন বৈষ্ণবের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে হাওড়ার কয়েকজন যোগাযোগ করে। তাদের কথায় আশ্বস্ত হয়ে গত ১৩ ফেব্রুয়ারি রাজস্থান থেকে কলকাতায় আসেন শচীন। ডানকুনির একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল। পরের দিন সন্ধ্যার ফ্লাইটে জয়পুর ফেরার কথা ছিল তাঁর। কিন্তু কয়েকজন তাঁকে সেদিন বালির রামচন্দ্রপুরে একটি বাড়িতে নিয়ে যায়। এখানে ব্যবসায়ীকে বেঁধে রেখে তাঁর ব্যবসার পার্টনার অজিত সিংকে ফোন করে মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা দাবি করে তারা। তবে বালির ওই বাড়িতে যাওয়ার আগেই বুদ্ধি খাটিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন শচীন। নিজের হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন শেয়ার করে রেখেছিলেন ব্যবসার পার্টনারকে। অপহরণকারীদের ফোন পেয়েই অজিতবাবু সঙ্গে সঙ্গে তাঁর পরিচিত কলকাতার ফুলবাগানের এক বাসিন্দাকে ফোন করে সবটা জানান। এরপর নিশ্চিন্দা থানায় যোগাযোগ করা হয় অপহৃত ব্যবসায়ীর পরিচিতদের তরফে। সেদিনই রাত ২টো নাগাদ শচীনের ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা নিশ্চিন্দা থানার পুলিসকে সঙ্গে নিয়ে বালির রামচন্দ্রপুরের ওই বাড়িটিতে হানা দেন। বাড়ির একটি ঘর থেকে অক্ষত অবস্থায় শচীন বৈষ্ণবকে উদ্ধার করে পুলিস। একইসঙ্গে গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতরা হল, বেলুড়ের বাসিন্দা মৃত্যুঞ্জয় ঝা ওরফে সত্যম, বালির বাসিন্দা জিতেন্দর সাউ ও উত্তরপাড়ার বাসিন্দা অভিষেক শর্মা। পুলিস জানিয়েছে, অপহরণকারীদের মধ্যে একজন পলাতক রয়েছে। তার বাড়িতেই আটকে রাখা হয়েছিল ব্যবসায়ীকে। সোমবার এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে হাওড়া সিটি পুলিসের এক পদস্থ কর্তা বলেন, ‘মাত্র দেড় ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে সাফল্য মিলেছে। ধৃতদের ছ’দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক দুষ্কৃতীর খোঁজ চলছে।’ জানা গিয়েছে, অপহরণকারী দলের মূল মাথা সত্যম। সে নিজেই ব্যবসা সংক্রান্ত চুক্তির গল্প ফেঁদে অপহরণের ছক কষেছিল। এরপর বাকিদের সঙ্গে যোগাযোগ করে সে ওই ব্যবসায়ীকে অপহরণ করে। শচীনকে হোটেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল সে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ