Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬

অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে উপনির্বাচন নির্বিঘ্নে

বাংলার দুই বিধানসভা আসনের পাশাপাশি নির্বিঘ্নেই সম্পন্ন হল অসম, তামিলনাড়ু ও পুদুচেরির উপনির্বাচন।

অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে উপনির্বাচন নির্বিঘ্নে
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলার দুই বিধানসভা আসনের পাশাপাশি নির্বিঘ্নেই সম্পন্ন হল অসম, তামিলনাড়ু ও পুদুচেরির উপনির্বাচন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অসমের নগাঁও লোকসভা আসনের সাংসদ প্রদ্যোৎ বরদলুই। সাংসদ পদে ইস্তফা দিয়ে দিসপুর থেকে বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। মঙ্গলবার নগাঁও লোকসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পাশাপাশি, তামিলনাড়ুর দু’টি ও পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়।   

Advertisement

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, অসমের নগাঁওতে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৭০.২৫ শতাংশ। ভোট দিয়েছেন ১৯ লক্ষ ৫ হাজার জন। নগাঁও লোকসভা কেন্দ্রের অন্তর্গত আটটি বিধানসভার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। এই কেন্দ্রে মোট ১৫ জন প্রার্থী থাকলেও লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির দেবাশিস শর্মা, কংগ্রেসের শিবমণি বোরা এবং এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের মধ্যে। 
তামিলনাড়ুর তফসিলি জাতি সংরক্ষিত মাদুরন্তকম ও ধারাপুরম বিধানসভা কেন্দ্রে দুপুর তিনটে পর্যন্ত যথাক্রমে ৭০.৩১ ও ৬৮.০৮ শতাংশ ভোট পড়েছে। এবারের এই উপনির্বাচন শাসক টিভিকের পাশাপাশি দুই বিরোধী দল ডিএমকে এবং এআইএডিএমকে’র কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মে মাসে ক্ষমতায় আসার পর এই প্রথম নির্বাচনের মুখোমুখি হচ্ছে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে। পুদুচেরির থাট্টানচাভাডি কেন্দ্রে ভোটে লড়ছেন ১১ জন প্রার্থী। যদিও মূল লড়াই এনডিএ, কংগ্রেস ও তাদের প্রাক্তন সহযোগী ডিএমকের মধ্যে। এদিন দুপুর তিনটে পর্যন্ত ৬৮.৯১ শতাংশ ভোট পড়েছে। মাত্র মাসচারেক আগে এখানে সরকার গড়েছে এনডিএ।

Advertisement
সম্পর্কিত সংবাদ