Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দখল হটানোর নোটিস ছিঁড়ে দিলেন ব্যবসায়ীরা, ক্ষোভের মুখে পুরকর্মীরা

দখল হটানোর নোটিস ছিঁড়ে দিলেন ব্যবসায়ীরা, ক্ষোভের মুখে পুরকর্মীরা
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ শহরের থানা মোড় থেকে কলেজের শেষ সীমানা পর্যন্ত মেইনরোড সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রায় তিন কিমি রাস্তার দু’পাশে রয়েছে শতাধিক দোকান। বুধবার সেই জবরদখল সরানোর জন্য নোটিস দিতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়লেন পুরকর্মীরা। এতে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে শহরের ৪ নম্বর ওয়ার্ডের কাছাড়ি মোড় সংলগ্ন এলাকায়।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন। 

Advertisement

পুরকর্মীদের সামনেই ব্যবসায়ীরা নোটিস ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ী মনোরঞ্জন সরকার বলেন, নোটিসে লেখা রয়েছে যারা অবৈধ ও অস্থায়ীভাবে ব্যবসা করছে তাদের ১৫ দিনের মধ্যে দোকান সরিয়ে নিয়ে যেতে হবে। আমরা দীর্ঘ ৪০ বছর থেকে এই জায়গায় ব্যবসা করছি। দোকানের হোল্ডিং নম্বর, ইলেকট্রিক সংযোগ, সমস্ত কিছুই রয়েছে। এই দোকানের উপর ভিত্তি করে অনেকগুলো পরিবার চলে। অথচ আমাদের সঙ্গে আলোচনা না করেই দখল সরানোর নামে নোটিস ধরিয়ে দিল? রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি। তবে আমাদের এই এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অপরএক ব্যবসায়ী মিঠু দত্ত বলেন, দোকানের উপর নির্ভর করেই সংসার চালাতে হয়। দোকান সরিয়ে দিলে কী হবে জানি না। 
এই ব্যাপারে তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, আশা করছি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা পর সমস্ত সমস্যা মিটে যাবে।  পূর্তদপ্তরের জেলা আধিকারিক গৌতম আচার্যী বলেন, নির্দিষ্ট দিনের মধ্যে ব্যবসায়ীরা না সরলে আইন মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ